২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে বিতর্কিত প্রশ্নে ভর্তিপরীক্ষার ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বিতর্কিত প্রশ্নে নেওয়া ভর্তিপরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2017, 12:21 PM

Updated : 19 Aug 2022, 05:56 PM

বিতর্কিত দুটি প্রশ্নের নম্বর সবাইকে দেওয়া হয়েছে বলে অনুষদের ডিন মো. মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ডিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তিপরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম অনুযায়ী ২৫০ জনকে সাক্ষাৎকারের জন্য নির্বাচিত করা হয়েছে। তাদের সাক্ষাৎকার নেওয়া হবে আগামী ১৪ নভেম্বর সকাল সাড়ে ৯টায় চারুকলা অনুষদে।

সাক্ষাৎকারের জন্য ১২ নভেম্বরের মধ্যে অনলাইনে বিষয় নির্বাচন ফরম পূরণ করতে হবে।

সাক্ষাৎকারের সময় মুদ্রিত বিষয় নির্বাচন ফরম, এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার নম্বরপত্র, এইচএসসি বা সমমান নিবন্ধন পত্রের মূল কপি, ভর্তিপরীক্ষার হলে পরিদর্শক কর্তৃক সত্যায়িত প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে।

গত ২৫ অক্টোবরের এ ভর্তিপরীক্ষায় ১২০টি আসনের বিপরীতে চার হাজার ৩২ জন অংশ নেন। প্রশ্নপত্রের ২ নম্বর সেটের ৪১ ও ৭৬ নম্বর প্রশ্নে সাম্প্রদায়িক উসকানির অভিযোগ তোলেন অনেকে।

৪১ নম্বর প্রশ্নটি ছিল - মুসলমান রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনী ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা সশস্ত্র হামলা চালায় কত তারিখে?

৭৬ নম্বরে প্রশ্ন করা হয় -  বিশ্বের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? উত্তরের জন্য দেওয়া চারটি বিকল্প ছিল: (ক) পবিত্র কুরআন শরীফ (খ) পবিত্র বাইবেল (গ) পবিত্র ইঞ্জিল (ঘ) গীতা। গীতার আগে ‘পবিত্র’ ছিল না।

পরীক্ষা শেষ হওয়ার পর থেকে এ দুটি প্রশ্নকে ‘সাম্প্রদায়িক’ অভিহিত করে সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগের মাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে।

বিতর্কিত দুটি প্রশ্নের নম্বর সম্পর্কে ডিন মোস্তাফিজুর রহমান বলেন, “সব পরিক্ষার্থীকে এ দুটি প্রশ্নের নম্বর দিয়ে দেওয়া হয়েছে।”

আর ঘটনা তদন্তে গত ২৮ অক্টোবর উপ-উপাচার্য আনন্দ কুমার সাহাকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। আগামী ১৩ নভেম্বর প্রতিবেদন দেওয়ার শেষ দিন।

বিষয়টি এখনও ‘তদন্তাধীন’ বলে ডিন জানিয়েছেন।

পুরনো খবর:

ভর্তি পরীক্ষায় ‘সাম্প্রদায়িক’ প্রশ্ন নিয়ে সমালোচনায় রাবি
‘সাম্প্রদায়িক’ প্রশ্ন প্রণয়নকারীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়
রাবির প্রশ্নপত্রে ‘সাম্প্রদায়িক উসকানি’ তদন্তে কমিটি
রাবির প্রশ্নে ‘সাম্প্রদায়িক উসকানি’: দায়ীদের বিচার দাবি