‘সাম্প্রদায়িক’ প্রশ্ন প্রণয়নকারীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষার প্রশ্নেপত্রে ‘সাম্প্রদায়িক প্রশ্ন’ প্রণয়নে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।
একই সঙ্গে জড়িতের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তার প্রতিবেদন আগামী ৩০ দিনের মধ্যে দাকিল করতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।
এ সংক্রান্ত করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, চারুকলা অনুষদের ডিনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনটি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সুপ্রিম কোর্টের আইনজীবী রফিক আহমেদ সীরাজী।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সুব্রত চৌধুরী। সঙ্গে ছিলেন সোনিয়া পারভীন, বিথি রায়, সমীর মজুমদার।
গত ২৫ অক্টোবর অনুষ্ঠিত চারুকলা অনুষদের ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষার দুই নম্বর সেটের ৭৬ নম্বর প্রশ্নটি ছিল- ‘বিশ্বের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? উত্তরের জন্য দেওয়া চারটি অপশন ছিল- (ক) পবিত্র কুরআন শরীফ (খ) পবিত্র বাইবেল (গ) পবিত্র ইঞ্জিল (ঘ) গীতা।
গীতার আগে ‘পবিত্র’ ছিল না।
একই সেটের ৪১ নম্বর প্রশ্নটি ছিল- ‘মুসলমান রোহিঙ্গাদের উপর মায়েনমারের সেনাবাহিনী ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা সশস্ত্র হামলা চালায় কত তারিখে?
পরীক্ষা শেষ হওয়ার পর থেকে এ দুটি ‘সাম্প্রদায়িক প্রশ্ন’ নিয়ে ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। পরে ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অ্যাডভোকেট সমীর মজুমদার বলেন, “এসব প্রশ্ন করে সংবিধানের ২৮ অনুচ্ছেদের (৩) ধারা লঙ্ঘন করা হয়েছে।”
রিট আবেদনে বলা হয়েছে, ধর্ম, বর্ণ, রাজনীতির ঊর্ধ্বে জনগণের স্বার্থে রাষ্ট্রের মূলনীতি হওয়া উচিৎ। সংবিধানের ২৮ অনুচ্ছেদের (৩) এ এরকমটাই বলা হয়েছে।
‘কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষভেদ বা জন্মস্থানের কারণে জনসাধারণের কোন বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের কিংবা কোন শিক্ষা-প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোন নাগরিককে কোনরূপ অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধা বা শর্তের অধীন করা যাইবে না।’
রিট আবেদনে আরও বলা হয়, রাষ্ট্রের স্বীকৃত বা অধিভুক্ত কোনো বেসরকারি প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম অবশ্যই স্বচ্ছ ও সমতার ভিত্তিতে হতে হবে এবং রাষ্ট্রকে সেটি নিশ্চত করতে হবে। বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি গণ প্রতিষ্ঠান। ফলে এর ভর্তি কার্যক্রম স্বচ্ছ ও সমতার ভিত্তিতে হচ্ছে কি না সেটি আরও কঠোরভাবে পর্যবেক্ষণের দাবি রাখে।
