কুষ্টিয়ার সীমান্তে বাংলাদেশি গুলিবিদ্ধ হওয়ার খবর
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি এক যুবক আহত হওয়ার খবর দিয়েছে স্থানীয়রা।
প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া সীমান্তে শনিবার রাতে গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে পুলিশ জানালেও আহতের বিষয়ে নিশ্চিত করতে পারেনি।
স্থানীয়রা জানান, গুলিতে উজ্জ্বল হোসেন (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। তিনি জামালপুর গ্রামের ইউনুস আলীর ছেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই গ্রামের লোকজন সাংবাদিকদের বলেন, সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের একদল লোক অবৈধভাবে ভারতে প্রবেশ করার চেষ্টাকালে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মরুটিয়া থানার ৪৩ বিএসএফের অধীন রানীনগর বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
এ সময় গুলিবিদ্ধ উজ্জ্বল হোসেনকে সঙ্গের লোকজন উদ্ধার করে অজ্ঞাত স্থানে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছে বলে তারা জানান।
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান শনিবার রাতে সীমান্ত এলাকায় গুলিবর্ষণের শব্দ শুনেছেন বলে নিশ্চিত করেন।
তিনি বলেন, “এ ধরনের ঘটনায় সাধারণত যারা আহত বা নিহত হয় তারা কোনো অপরাধ সংঘটনে সেখানে যায় বলে পরবর্তীতে আমাদের কাছে ভয়ে আসে না। সেকারণে সঠিক তথ্য পেতেও আমাদের অসুবিধা হয়।”
তবে এঘটনার তথ্যানুসন্ধানে পুলিশ মাঠে নেমেছে বলে তিনি জানান।
এর আগে গত ৮ অক্টোবর রাতে দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে স্থানীয় মুবার হোসেনের ছেলে বুলবুল হোসেন (২৪) বিএসএফের গুলিতে আহত হয়ে অজ্ঞাত ক্লিনিকে ভর্তি হয়েছিলেন। পরদিন মথুরাপুর কোহিনুর নাসিং হোমের সামনের রাস্তায় বুলবুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
