০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বেসামরিক নিহতের পর ভারতীয় দূতকে তলব ইসলামাবাদের

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় তারা ইসলামাবাদে ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে পাঠিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বেসামরিক নিহতের পর ভারতীয় দূতকে তলব ইসলামাবাদের

পাকিস্তান সীমান্তের কাছে ভারতের একটি সীমান্ত চৌকি। ছবি: অরফ্যান্ড নেশন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Oct 2026, 07:53 PM

Updated : 03 Oct 2026, 07:53 PM

ভারত ও পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বেসামরিক পাকিস্তানি নিহত ও আরেকজন আহত হওয়ার পর তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের ডন নিউজ জানিয়েছে, শুক্রবার আন্তর্জাতিক সীমান্তের বেদিয়ান সেক্টরের কাসুরের কাছে এই হত্যাকাণ্ড ঘটে।

শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় তারা ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে পাঠিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, “বিএসএফ সদস্যরা নিরস্ত্র বেসামরিকদের বিরুদ্ধে বিনা উসকানিতে প্রাণঘাতী বলপ্রয়োগ করেছে। বলপ্রয়োগের এই ঘটনা ছিল সম্পূর্ণ অযৌক্তিক ও অত্যান্ত অসামঞ্জস্যপূর্ণ, এর ফলে দুটি মূলব্যান প্রাণ হারানোর মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে।”

এতে আরও বলা হয়, নিহতদের ‘অনুপ্রবেশকারী হিসেবে ভুলভাবে চিত্রিত করার যে কোনো প্রচেষ্টা’ পাকিস্তান দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করে।

মন্ত্রণালয়টি জানিয়েছে, তারা ভারতীয় পক্ষকে ‘অবিলম্বে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত’ করতে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ও আইনি ব্যবস্থা গ্রহণ করে পাকিস্তানকে তা জানাতে বলেছে।

ডন জানিয়েছে, নিহতরা সীমান্ত অঞ্চলের লাধার গ্রামের বাসিন্দা। তারা একটি সীমান্ত পিলারের দিকে এগিয়ে গেলে বিএসএফ কোনো সতর্কতা না জানিয়েই গুলি করে। হতাহত তিনজনই নিরস্ত্র ছিলেন। আহত ব্যক্তিতে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিরাপত্তা সূত্রগুলো ডনকে জানিয়েছে, তারা কেউই সীমান্ত বেড়া অতিক্রম করার চেষ্টা করেননি।