১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত, বিজিবির পাল্টা গুলি

এ ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর মধ্যে পতাকা বৈঠকে প্রতিবাদ জানায় বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Oct 2026, 01:41 PM

Updated : 10 Oct 2026, 01:41 PM

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সীমান্তে বিএসএফের ছোড়া গুলিতে বাংলাদেশি এক কৃষক আহত হয়েছেন। এ ঘটনার পর সীমান্তবর্তী জনগণের নিরাপত্তায় পাল্টা গুলি ছোড়ার দাবি করেছে বিজিবি।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুষ্টিয়া- ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

গুলিবিদ্ধ সাহাজুল (৩০) জামালপুর গ্রামের শামাজুলের ছেলে। তিনি দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বিজিবি জানায়, সকালে ১৫২/১০-এস সীমান্ত পিলারের কাছে সাহাজুল নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার নাসিরাপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সাহাজুল গুলিবিদ্ধ হন।

খবর পেয়ে জামালপুর ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা পাল্টা গুলি চালালে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত কৃষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

পরে বেলা সাড়ে ১১টায় পতাকা বৈঠকে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত হওয়ার ঘটনায় প্রতীকী প্রতিবাদ জানায় বিজিবি।