১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহ সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে নিহত ১

বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলিবিদ্ধ ওই চোরাকারবারিকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Oct 2026, 10:33 AM

Updated : 12 Oct 2026, 10:44 AM

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির টহলদলের ওপর ‘সংঘবদ্ধ চোরাকারবারি’দের হামলার ঘটনা ঘটেছে। এতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে বিজিবি।

সোমবার ভোর ৫টা ৪৫ মিনিটে তেলিখালী বিওপির আওতাধীন জলজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে ৩৯ বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে পণ্য আটক করে বিজিবির টহলদল। আটক করা পণ্য নিয়ে ফেরার পথে সংঘবদ্ধ চোরাকারবারিরা বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়।

প্রথমে মৌখিকভাবে সতর্ক করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এরপরও হামলা অব্যাহত থাকায় আত্মরক্ষার্থে গুলি চালান বিজিবি সদস্যরা। এতে এক চোরাকারবারি গুলিবিদ্ধ হন।

পরে তাকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।

৩৯ বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও টহল অব্যাহত রয়েছে।