২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপার বোনের চাকরি হলো এসেনসিয়াল ড্রাগসে

টাঙ্গাইলে চলন্ত বাসে দলবদ্ধভাবে ধর্ষণের পর হত্যার শিকার জাকিয়া সুলতানা রূপার বোন পপির চাকরি হয়েছে সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগসে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম পপিকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।  

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2017, 06:48 PM

Updated : 19 Aug 2022, 05:49 PM

রুপার বড় ভাই হাফিজুর রহমান জানান, ঢাকায় এসেনশিয়াল ড্রাগস কার্যালয়ে মঙ্গলবার দুপুরে অফিস সহকারী পদের নিয়োগপত্র পপির হাতে তুলে দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এহসানুল কবির জগলুল ও জেনারেল ম্যানেজার মো. সেলিম।

তাকে বগুড়ার এসেনশিয়াল ড্রাগসের কার্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে বলে হাফিজুর জানান।

গত ২৫ অগাস্ট রাতে বাসে করে সিরাজগঞ্জ থেকে ময়মনসিংহ যাওয়ার পথে নিখোঁজ হন সিরাজগঞ্জের তাড়াশের জাকিয়া সুলতানা রুপা। ওই রাতে টাঙ্গাইলের মধুপুর থানা পুলিশ ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের পঁচিশ মাইল এলাকার রাস্তার পাশ থেকে রুপার লাশ উদ্ধার করে।

প্রথমে অজ্ঞাত হিসেবে টাঙ্গাইলের কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তিন দিন পর ছবি দেখে মরদেহ সনাক্ত করেন নিহতের বড় ভাই হাফিজুর রহমান। এরপর মধুপুর থানা পুলিশ ওই বাসের চালক, তার সহকারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। আদালতে তারা দলবদ্ধ হয়ে রূপাকে ধর্ষণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

গত ১ সেপ্টেম্বর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তাড়াশে রূপার বাড়ি গিয়ে তার পরিবারকে নগদ এক লাখ টাকা দেন এবং রূপার বোন পপিকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন।

এদিকে, রুপার বোনকে চাকরি দেওয়ায় তাদের মা হাসনা হেনা (৬৩) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।  

তিনি আবেগজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়ে হারানোর বেদনা মুছে দিতে সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে আমরা অভিভূত। সেই সঙ্গে আমি পরিবারের পক্ষ থেকে আবার দাবি করছি দ্রুত বিচার আইনে রূপা হত্যার বিচার করা হোক। আমি আমার জীবনদ্দশায় মেয়ের হত্যাকারীদের বিচার দেখে যেতে চাই।”

পুরনো খবর:

‘চলন্ত বাসে ধর্ষণের পর’ হত্যা করা হয় মেয়েটিকে
চলন্ত বাসে ‘ধর্ষণের পর হত্যা’: ৩ জনের স্বীকারোক্তি
চলন্ত বাসে ‘ধর্ষণের পর হত্যা’: চালক ও সুপারভাইজারের স্বীকারোক্তি
রূপা হত্যা: দ্রুত বিচার চেয়ে আইনমন্ত্রীকে স্বাস্থ্যমন্ত্রীর ফোন
রূপা হত্যার দ্রুত বিচার চান এলাকাবাসী
রূপা হত্যার বিচারের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন
ধর্ষণের পর মাথায় আঘাতে রূপার মৃত্যু
রূপা হত্যার অভিযোগপত্রে ৫ পরিবহন শ্রমিক আসামি