২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেলিভারি ভাল্ভ বন্ধ রাখায় বিস্ফোরণ: প্রাথমিক তদন্ত

বয়লারের ডেলিভারি ভাল্ভ বন্ধ রেখে অতিরিক্ত প্রেসার তৈরির চেষ্টা করায় গাজীপুরে পোশাক কারখানায় বিস্ফোরণ হয়েছিল বলে প্রাথমিক তদন্তে উঠে আসার কথা জানান এক বিশেষজ্ঞ সদস্য।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2017, 09:48 PM

Updated : 11 Oct 2022, 02:15 PM

পুরনো খবর:

বয়লার বিস্ফোরণে গাফিলতি থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্র মন্ত্রী
বয়লার বিস্ফোরণ: আসামির তালিকায় নিহত ৩ শ্রমিক
গাজীপুরে বয়লার বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ১৩
বিস্ফোরণে নিহতের পরিবার পাবে ৮ লাখ টাকা: শ্রম প্রতিমন্ত্রী
বিস্ফোরণে নিহত নওগাঁর পায়েল, দিশেহারা পরিবার
গাজীপুরে বিস্ফোরিত বয়লারের মেয়াদ ছিল না

অপরদিকে সেফটি ডিভাইসের ত্রুটির কারণে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে মন্তব্য করেছেন এক বয়লার পরিদর্শক।

সোমবার সন্ধ্যায় কাশিমপুরের নয়াপাড়ায় মাল্টিফ্যাবস লিমিটেডের ডাইং সেকশনে বয়লার বিস্ফোরিত হলে চারতলা ভবনের একপাশের দোতলা পর্যন্ত ধসে পড়ে। এ ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয় প্রায় অর্ধশত শ্রমিক ও পথচারী ।

এ ঘটনা তদন্তে গাজীপুর জেলা প্রশাসন নয় সদস্যের এবং ফায়ার সার্ভিস পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে।

জেলা প্রশাসনের তদন্ত দলের সদস্য ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) যন্ত্র কৌশল বিভাগের অধ্যাপক মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানার অনেকেই তদন্ত কর্মকর্তাদের ভুল তথ্য দিচ্ছে।

“তবে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, কারখানার লোকজন বয়লারটির মেইন স্টপ ভাল্ভটি (ডেলিভারি ভাল্ভ) বন্ধ রেখে প্রেসার তৈরি করছিল। এক পর্যায়ে বেশি প্রেসার তৈরি হওয়ায় বয়লারটির বিস্ফারণ ঘটে।”

তদন্তের জন্য তিনি কারখানা কর্তৃপক্ষের কাছে বয়লারের একটি ফিউজিবল প্লাগ, দুইটি সেফটি ভাল্ভ এবং একটি প্রেসার গেজ চেয়েছেন। এগুলোর সন্ধান মিললেই বয়লার বিস্ফোরণের প্রকৃত কারণ অনেকাংশে জানা যাবে বলে জানান কামরুজ্জামান।

এদিকে, শিল্প মন্ত্রণালয়ের বয়লার পরিদর্শক হানিফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বয়লার পরিদর্শনে দেখা গেছে সেফটি ডিভাইসটিতে ফল্ট দেখা দেওয়ার কারণে বয়লারে অনুমোদিত প্রেসারের চেয়ে বেশি প্রেসার পড়ে এবং ওই বিস্ফোরণ ঘটে। একটি বয়লারে অনুমোদিত প্রেসার হলো ১০ বার।

হানিফ বলেন, নিয়মানুয়ায়ী এ ধরনের দুর্ঘটনার পর প্রাথমিক তদন্ত করে শিল্প মন্ত্রণালয়ের প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে প্রতিবেদন দিতে হয়।

দুর্ঘটনার পরদিনই তিনি ঘটনাস্থল পরিদর্শন করে প্রধান বয়লার পরিদর্শকের কাছে প্রাথমিক প্রতিবেদন দাখিল করেন বলে জানান।

প্রতিবেদনের বরাত দিয়ে হানিফ বলেন, বয়লার মেনটেইন্যান্স ম্যানেজার খোকন কুন্ডু তাকে জানিয়েছেন- লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও সোমবার তারা বয়লারটি পরীক্ষামূলকভাবে চালু করেন। এ সময় সেফটি ডিভাইসে ক্রুটি দেখা দেয়। তারপরও কিছু মেরামত করে সেটি চালু করা হয়।

ওইদিন সন্ধ্যায়ই বয়লারটির বিস্ফোরণ ঘটে।

হানিফ আরও জানান, প্রতিবছর কারখানার বয়লার পরিদর্শনের পর লাইসেন্স নবায়ন করার নিয়ম রয়েছে। তাদের ওই লাইসেন্স এক বছর আগে পরিদর্শন ও নবায়নের পর এ বছর ২৪ জুন লাইসেন্স নবায়নের সময় শেষ হয়েছে।

“৩ জুলাই দুর্ঘটনার দিন (দুর্ঘটনার আগে) কারখানার পক্ষ থেকে বয়লারের লাইসেন্স নবায়নের জন্য আবেদন করা হয়।”

তিনি বলেন, নিয়মানুয়ায়ী আবেদনের পর কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরিদর্শনের দিনক্ষণ নির্ধারণ করা হয় এবং পরিদর্শন শেষে বয়লারটির সক্ষমতা আছে কিনা সে সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার পর পরের বছরের জন্য লাইসেন্স নবায়ন তথা বয়লার চালানোর অনুমতি দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের তদন্ত কমিটির সদস্য সচিব গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, বয়লারের সেফটি ডিভাইসটি (প্রেসার রিলিজ ভাল্ভ) খুঁজছেন তারা।

“এটি পাওয়া গেলে বয়লার বিস্ফোরণের সিংহভাগ কারণ জানা যাবে।”

জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম বলেন, সাতটি কারণকে সামনে রেখে তারা তদন্ত কাজ করছেন। এর মধ্যে পাঁচটি হলো কারিগরি এবং দুইটি হলো প্রশাসনিক কারণ।

কারিগরি ত্রুটি আছে কিনা তা দেখতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) বিশেষজ্ঞ ও তদন্ত দলের সদস্য অধ্যাপক কামরুজ্জামানকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। তিনি এজন্য কারখানা কর্তৃপক্ষের কাছে বয়লারে থাকা বিভিন্ন অংশ চেয়েছেন বলে জানান রাহেনুল।

রাহেনুল আরও জানান, তাদের তদন্তের দ্বিতীয় দিনে বুধবার তারা কারখানার ১৪ জনের সাক্ষাৎকার নিয়েছেন। এ সময় তারা অপারেটরদের যোগ্যতা ও অভিজ্ঞতা দেখছেন।

তিনি বলেন, বয়লারটি ১৯৯৬ সালে উৎপাদিত হয়েছে। এ বছর ২৪ জুন ওই বয়লারটির সনদের মেয়াদ শেষ হয়ে গেছে।

তবে এজন্যই বয়লারটির বিস্ফোরণ ঘটেছে কিনা তা তদন্ত সংশ্লিষ্টরা নিশ্চিত নন বলে জানান রাহেনুল।