২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বয়লার বিস্ফোরণে গাফিলতি থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্র মন্ত্রী

গাজীপুরে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে কারও গাফিলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখার পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2017, 08:09 PM

Updated : 11 Apr 2022, 11:52 PM

বুধবার গাজীপুরের টঙ্গী মডেল থানার নবনির্মিত ভবন উদ্বোধনকালে মন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, যারা নাকি বয়লার বিশেষজ্ঞ ছিলেন, যাদের উপর এর দায়িত্বটা রয়েছে, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন কিনা তা তদন্ত করা হচ্ছে। এ বয়লার বিস্ফোরণের পর শ্রম প্রতিমন্ত্রীর নির্দেশে তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি করেছেন। তদন্ত শেষে বলা যাবে এতে কারো কোনো গাফিলতি ছিল কিনা।

“এক্ষেত্রে যারই গাফিলতি থাকবে, এমনকি কারখানার মালিকেরও যদি অবহেলা থাকে তাহলে তাকেও আইনের আওতায় আনা হবে।”

শিল্প-কারখানায় বয়লার স্থাপনের একটি সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। এগুলো তদারকির জন্য শ্রম মন্ত্রণালয়ের বয়লার পরিদর্শকও রয়েছেন বলে উল্লেখ করে মন্ত্রী।

“যারা বয়লার বিশেষজ্ঞ ছিলেন, যাদের কর্তব্য ছিল এ বয়লার চেক করার, তারা তা ঠিকমত চেক করেছেন কিনা, ঠিকমত দায়িত্ব পালন করেছেন কিনা এগুলো সবই আমরা দেখব।”

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, শিল্পালঞ্চলে বয়লার থাকবেই। কিন্তু এ বয়লার যদি প্রপার কেয়ার না হয়, তাহলে এ ধরনের বিস্ফোরণ ঘটতে পারে।

যারা এর রক্ষাণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন তাদের আরও কেয়ারফুল হওয়ার অনুরোধ জানান মন্ত্রী। 

সোমবার সন্ধ্যায় কাশিমপুরের নয়াপাড়ায় ‘মাল্টিফ্যাবস লিমিটেড’ নামের কারখানার ডাইং সেকশনের বয়লার বিকট শব্দে বিস্ফোরিত হলে চারতলা ভবনের একপাশের দোতলা পর্যন্ত ধসে পড়ে। এই ঘটনায় ১৩ জন শ্রমিক মারা গেছেন।

ফরহাদ মজহার সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফরহাদ মজহার কীভাবে গেলেন, কী নিয়ে বের হয়েছেন সবই খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ বাহিনী তার মোবাইল ট্র্যাক করার মাধ্যমে সনাক্ত করার পর তাকে উদ্ধার করেছে। পরে তাকে আদালতে নেয়া হয়, তার জবানবন্দি নেয়ার তাকে তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়।

“এ বিষয়ে একটি মামলা হয়েছে। সিআইডি মামলাটি তদন্ত করছে। মামলার তদন্ত রিপোর্ট দ্রুতই প্রকাশ করা হবে। আমরা আশা করি অচিরেই এর রহস্য উদঘাটন হবে।”

এজন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ দেওয়া উচিত উল্রেখ করে তিনি বলেন, তারা কবি ও সাহিত্যিক ফরহাদ মজহারকে দ্রুত অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

থানা ভবন উদ্বোধনে মন্ত্রী প্রধান অতিথি ছিলেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ জাহিদ আহসান রাসেল, গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সফিকুল ইসলাম, গাজীপুরের এসপি হারুন-অর-রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর, সাখাওয়াত হোসেন, টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার, জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম প্রমুখ।