বয়লার বিস্ফোরণ: আসামির তালিকায় নিহত ৩ শ্রমিক
গাজীপুরের কাশিমপুরে বয়লার বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে; যেখানে আসামির তালিকায় রয়েছে কারখানার নিহত তিন শ্রমিকের নাম।
জয়দেবপুর থানার এসআই উজ্জ্বল হোসেন জানান, মঙ্গলবার রাতে চক্রবর্তী পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুর রশীদ মামলাটি দায়ের করেন। এতে আসামিদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে।
মামলায় কারখানার বয়লার অপারেটর আব্দুস সালাম (৪৮), শ্রমিক মনছুরুল হক (৪১) ও এরশাদ হোসেনের (৩৭) নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত আরও আট-দশজনকে আসামি করা হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে কাশিমপুরের নয়াপাড়ায় মাল্টিফ্যাবস লিমিটেডের ডাইং সেকশনে বয়লার বিস্ফোরিত হলে চারতলা ভবনের একপাশের দোতলা পর্যন্ত ধসে পড়ে। এ ঘটনায় মঙ্গলবার রাত পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যু হয়।
এছাড়া আহত আরও প্রায় অর্ধশত শ্রমিক-পথচারী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ২৪ জুন বয়লারটির মেয়াদ শেষ হওয়ায় নবায়নের জন্য আবেদন করেছে কর্তৃপক্ষ। কিন্তু কারখানা ছুটি থাকা অবস্থায় অপারেটর আব্দুস সালাম ও মনছুরুল হকরা তা চালুর চেষ্টা করেন।
গত ২৫ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত কারখানাটি নয় দিনের ছুটি ছিল উল্লেখ করে মামলার বিবরণে বলা হয়, ৪ জুলাই খোলার কথা থাকলেও তার আগের দিন ডাইং সেকশনের অধিকাংশ শ্রমিক কর্মস্থলে যোগ দেন।
সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রমিকরা বয়লার ঠিক আছে কিনা তা দেখার জন্য কর্তৃপক্ষকে না জানিয়ে চালু করেন বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়।
বিবরণে বলা হয়েছে, বয়লার চালুর কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরিত হয়ে ভবনের একাংশ ধসে পড়ে ও মেশিনপত্র দুমড়ে-মুচড়ে যায়। এতে ১৩ নিহত এবং ৪০ জন আহত হন।
নিহতদের আসামির তালিকায় রাখার বিষয়ে জানতে চাইলে জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, “তারা দোষী কিংবা দায়ী কি না, তা তদন্ত করে দেখা হবে। দোষী না হলে অভিযোগপত্রে তাদের নাম বাদ দেওয়া হবে। আর কেউ মারা গেলে এমনিতেও বিচারের পর্যায়ে তাদের নাম বাদ দেওয়া হয়।”
এ ঘটনায় জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষে পৃথক তদন্ত কমিটি গঠিত হয়েছে। উভয় কমিটি মঙ্গলবার সকালে কাজ তদন্ত শুরু করেছে।
