ভর্তি পরীক্ষায় জালিয়াতি: মামলার অনুরোধ করবে শিক্ষক সমিতি
ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে জড়িতদের বিরুদ্ধে মামলা করতে কর্তৃপক্ষকে অনুরোধ জানাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার সমিতির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে শিক্ষকদের এই সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল আমিন রাব্বি জানান।
স্নাতকের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গত ২৬ নভেম্বর আল আমিন ও ইশরাত ইমতিয়াজ হৃদয়সহ ১০ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে বাকি আটজনকে ছেড়ে দিয়ে এ দুজনকে আটক রাখা হয়। পুলিশের করা মামলায় তারা এখন কারাগারে রয়েছেন।
আটক জালিয়াত চক্রের হোতাদের আড়াল করার অভিযোগ তুলে তখন থেকেই বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে আসছে।
এর মধ্যে গত সোমবার রাতে ছাত্রলীগের দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও বোমাবাজির পর বিশ্ববিদ্যালয় ১৭ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় মঙ্গলবার সকালে।
এর প্রতিবাদে বুধবার বেলা ২টা থেকে উপাচার্য আমিনুল হক ভুঁইয়াকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। আন্দোলনের মুখে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়।
শিক্ষক নেতা আল আমিন রাব্বি বলেন, জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষায় জালিয়াত চক্রকে চিহ্নিত করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনকে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করার অনুরোধ করা হবে।
এছাড়াও জালিয়াতির ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠনের জন্য আচার্যকে অনুরোধ করা হবে বলে তিনি জানান।
