শাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ২
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একজন ও কুমারগাও বাসস্ট্যান্ড থেকে আরেকজনকে আটক করা হয় বলে জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান।
এরা হলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী আল আমিন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ইশরাত ইমতিয়াজ হৃদয়।
এরা বগুড়ায় ‘গুগল’ নামের একটি ভর্তি কোচিং সেন্টারের আড়ালে অর্থের বিনিময়ে অত্যাধুনিক ডিভাইসের মাধ্যমে ভর্তি পরীক্ষার উত্তরপত্র সরবরাহ ও প্রশ্নপত্র জালিয়াতির কাজ করে আসছে।
এছাড়াও আরও পাঁচ ভর্তিচ্ছুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
“আটকের সময় তাদের কাছ থেকে মোট ১৩টি ইলেকট্রিক ডিভাইস উদ্ধার করে পুলিশ। যা দিয়ে এসএমএসের মাধ্যমে পরীক্ষার হলে শিক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহ করা হতো।”
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক রাশেদ তালুকদার বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের আবাসিক একটি হল থেকে দুজনকে আটক করা হয়েছে।”
