২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাম্পাকো দুর্ঘটনা: সহায়তার অর্থ পায়নি সব পরিবার  

টঙ্গীর বিসিক নগরীর টাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারের হাতে সহায়তার অর্থ এখনও পৌঁছে দিতে পারেনি গাজীপুর জেলা প্রশাসন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2016, 03:37 PM

Updated : 11 Oct 2022, 08:43 PM

পুরনো খবর:

ঈদেও উদ্ধার কাজ চলছে ট্যাম্পাকোতে
অগ্নিবিধ্বস্ত ট‌্যাম্পাকো কারখানা থেকে আরও চারটি লাশ উদ্ধার
টঙ্গীর মতো দুর্ঘটনা আর যেন না ঘটে: প্রধানমন্ত্রী
ট্যাম্পাকোর ধ্বংসস্তূপে উদ্ধার কাজ ৪র্থ দিনে
ট্যাম্পাকো মালিককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

এদিকে প্রতিশ্রুত অর্থ না পাওয়ায় নিহত রিকশাচালক আব্দুর রাশেদের লাশ ময়মনসিংহে তার বাড়িতে নিতে ধার করতে হয়েছে বলে জানিয়েছেন তার এক স্বজন। 

গত পাঁচ দিন ধরে নিখোঁজ ওই কারখানার ১০ শ্রমিকের সন্ধানে বৃহস্পতিবারও ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালানো হচ্ছে বলে টঙ্গী থানার ওসি ফিরোজ আলম তালুকদার জানিয়েছেন।

গত ১০ সেপ্টেম্বর টাম্পাকো ফয়েলসে অগ্নিকাণ্ডের ওই ঘটনায় এ পর্যন্ত ৩৪ জনের লাশ পাওয়া গেছে; আহত হয়েছেন আরও প্রায় ৪০ জন। 

সেদিন বয়লার বিস্ফোরণের পর ওই কারখানায় আগুন ধরে যায় এবং ছাদের একটি অংশ ধসে পড়লে কয়েকজন চাপা পড়েন। প্রথম দিনের উদ্ধার অভিযানে যাদের লাশ উদ্ধার করা হয়, তাদের মধ‌্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের গোলাকান্দার সজিম উদ্দিনের ছেলে আব্দুর রাশেদও ছিলেন।

তার প্রতিবেশী আকবর আলী জানান, তিন ভাই ও দুই বোনের সংসারে রাশেদই ছিলেন পরিবারের একমাত্র উপার্যনক্ষম ব‌্যক্তি। স্ত্রী জেবুন্নাহার ও তিন বছরের ছেলেকে গ্রামের বাড়িতে রেখে টঙ্গীর জামাই বাজার এলাকায় রিকশা চালাতেন রাশেদ।

আকবর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকার হানিফ মিয়ার দুই মেয়ে রোজিনা (২১) ও তাহমিনাকে (১৮) রিকাশায় নিয়ে ট‌াম্পাকো কারখানার পাশ দিয়ে যাচ্ছিলেন রাশেদ।

“এ সময় বিস্ফোরণ হলে কারখানার ছাদের নিচে তারা তিনজন চাপা পড়ে। উদ্ধার করে টঙ্গীর হাসপাতালে নিলে চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন।”

পরে তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। রোববার সেখান থেকে লাশ হস্তান্তর করা হয় পরিবারের কাছে।

রাশেদের বড় বোন বেদেনা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতাল থেকে গ্রামের বাড়ি ময়মনসিংহে লাশ নেওয়ার সময় কারখানার মালিক পক্ষ আট হাজার টাকা দিয়েছে। লাশ বহনের জন্য জেলা প্রশাসনের ঘোষিত ২০ হাজার টাকা বা মালিকপক্ষের প্রতিশ্রুত ২৫ হাজার টাকা তারা পাননি।

“লাশ নিতে খরচ হইছে নয় হাজার টাকা। এক হাজার টাকা ধার করে অ্যাম্বুলেন্স ড্রাইভারকে দিছি। কারখানার মালিকের লোক বলছে, রাশেদ তো কারখানার কেউ না, বাইরের রিকশাওলা। তাই আর কোনো টাকা দেবে না।”

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. মামুন শিবলী জানান, তারা নিহত একজনের পরিবার এবং আহত ১৩ পরিবারকে সহায়তার টাকা দিয়েছেন।

বাকিদের পরিবারের কেউ সহায়তার জন‌্য না আসায় তাদের অর্থ দেওয়া যায়নি বলে জানান তিনি।

মামুন শিবলী বলেন, যারা এখনও সহায়তার অর্থ পাননি, তারা পরিচয়পত্র এবং চেয়ারম্যান/মেয়রদের প্রত্যয়নপত্র নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যোগাযোগ করলে টাকা বুঝিয়ে দেওয়া হবে।

এদিকে ট্যাম্পাকো ফয়েলস কারখানায় উদ্ধার অভিযান পঞ্চম দিনে গড়িয়েছে; খোঁজ চলছে নিখোঁজ ১০ শ্রমিকের।

টঙ্গী থানার ওসি ফিরোজ আলম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ধ্বংসস্তূপ অপসারণে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে বৃহস্পতিবার সেখানে নতুন কোনো লাশ পাওয়া যায়নি।