অগ্নিবিধ্বস্ত ট্যাম্পাকো কারখানা থেকে আরও চারটি লাশ উদ্ধার
টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস কারখানা থেকে আরও চারটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা ৩৩ জনে দাঁড়াল।
সোমবার সকালে সেনাবাহিনী উদ্ধার অভিযান শুরুর পর দুটি লাশ পাওয়া যায়। এদিন তার আগে মেলে দুটি লাশের সন্ধান।
দুপুর ২টার দিকে ভবনের ধসে পড়া ছাদের নিচ থেকে একজনের লাশ উদ্ধার করা হয় বলে আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তার এক ঘণ্টা আগে ধ্বংসস্তূপ থেকে সেনাবাহিনীর সদস্যরা আরেকটি লাশ তুলে আনেন বলে টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
সকালে সেনাবাহিনী উদ্ধার অভিযানে নামার আগে দুটি লাশ উদ্ধার করা হয় বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান।
এই চারজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- টঙ্গীর হিমারদিঘী আমতলী বস্তি হরিজন কলোনির দিলীপ ডোমের ছেলে কারখানার পরিচ্ছন্নতাকর্মী রাজেশ বাবু (২২) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর থানার ঝিগার বাড়িয়া গ্রামের মমতাজ আলীর ছেলে মো. ইসমাইল হোসেন (৪৫)।
এই অগ্নিকাণ্ডের পর আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর পাশে স্থাপিত গাজীপুর জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা নির্বাহী হাকিম আবুল হাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বজনরাই লাশ দুটি শনাক্ত করেছেন।
নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিখোঁজ যে ১২ জনের তালিকা করা হয়েছিল, তার মধ্যে এই দুজনের নামও ছিল।
ইসমাইলের বড় ভাই নুর ইসলাম জানান, মোবাইল ও আইডি কার্ড দেখে ভাইয়ের লাশ শনাক্ত করেন তিনি।
“তার পকেটে ৭ হাজার টাকা ছিল। কারখানা ছুটির পর ওই টাকা বিকাশ করে গ্রামের বাড়িতে স্ত্রী ও চার মেয়ের কাছে পাঠানোর কথা ছিল।”
পরনের পোশাক, হাতের আংটি ও মানিব্যাগ দেখে রাজেশের লাশ শনাক্ত করেন তার মা মিনা রানী।
রাজেশের মা মিনা রানীর আহাজারি
তিনি জানান, আট মাস আগে রাজেশ বিয়ে করেছিলেন, তার স্ত্রী এখন সন্তানসম্ভবা।
নিখোঁজদের তালিকায় এখনও রয়েছেন- মাগুরা সদরের চনপুর ইডারন গ্রামের মালেক মোল্লার ছেলে আজিম উদ্দিন (৩৬), টাঙ্গাইলের মির্জাপুর থানার উকুলকি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জহিরুল ইসলাম (৩৭), লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার শিবপুর গ্রামের আবু তাহেরের ছেলে রিয়াদ হোসেন মুরাদ (৩২), সিরাজগঞ্জের শাহজাদপুর থানার ঝিগার বাড়িয়া সুলতান গাজীর ছেলে আনিছুর রহমান (৩০), কিশোরগঞ্জের হোসেনপুর থানার মেছেরা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে রফিকুল ইসলাম (৪০), চাঁদপুরের কচুয়া থানার তেগরিয়া গ্রামের ইউনুস পাটোয়ারীর ছেলে নাসির উদ্দিন পাটোয়ারী (৪৫), কুমিল্লার মুরাদনগর থানার টনকী গ্রামের তোফায়েল হোসেনের ছেলে মাসুম আহমেদ (৩০), ফরিদপুরের বোয়লমারী থানার ভীমনগর এলাকার মোজাম মোল্লার ছেলে চুন্নু মোল্লা (২১), কারখানার অপারেটর রেদোয়ান আহম্মদ (৩৭) এবং অপারেটর সিলেটের বিয়ানীবাজার থানার আলীনগর এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে জয়নুল ইসলাম (৩৫)।
উদ্ধার লাশের মধ্যে চারজনের পরিচয় এখনও মেলেনি।
গাজীপুরের সিভিল সার্জন ডা. আলী হায়দার খান বলেন, অজ্ঞাত সকল লাশের ডিএনএ নমুনা রাখা হবে। এজন্য তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার ট্যাম্পাকো ফয়েলসে বয়লার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ২৪ জন নিহত হন। রোববার হাসপাতালে মারা যান একজন। আর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় চারটি লাশ।
সারাদিন চেষ্টার পর শনিবার গভীর রাতে আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতরে নানা স্থানে জ্বলছিল। রোববার বিকালে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করা হয়।
সিলেটে বিএনপির সাবেক সাংসদ সৈয়দ মো. মকবুল হোসেনের মালিকানাধীন এই প্যাকেজিং কারখানাটি ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত।
এতে সাড়ে চারশর মতো শ্রমিক থাকলেও শুক্রবার রাতের পালায় ৭৫ জনের মতো কাজ করছিলেন।
নিহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর ২৫ জনের লাশ রোববার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
ময়নাতদন্তের পর ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক মো. সোহেল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২৫ জনের মধ্যে আঘাতের কারণে মৃত্যু হয়েছে অনেকের। তবে অর্ধেকের বেশি মারা গেছেন আগুনে পুড়ে।”
চিকিৎসকরা জানান, রোববার সন্ধ্যা পর্যন্ত ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নয়জন ভর্তি ছিলেন। তারা মূলত আঘাতজনিত বিভিন্ন সমস্যার চিকিৎসা নিচ্ছেন।
নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। গাজীপুর জেলা প্রশাসন নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে এবং আহতদের ১০ হাজার টাকা করে দিচ্ছে।
কারখানার মালিক সৈয়দ মকবুল হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
