ট্যাম্পাকোর ধ্বংসস্তূপে উদ্ধার কাজ ৪র্থ দিনে
টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস কারখানায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ঈদের দিনও স্বল্প পরিসরে কাজ হয়েছে।
ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিলীপ কুমার ঘোষ জানান, নিখোঁজ ১০ শ্রমিকের সন্ধানে কারখানার ধ্বংসস্তূপে তল্লাশি বুধবারও অব্যাহত রয়েছে।
উদ্ধার কাজ অব্যাহত থাকলেও ধোঁয়া পুরোপুরি বন্ধ হয়নি বলে দিলীপ কুমার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ধ্বংসস্তূপ অপসারণের কাজে বুল ডোজার, ভেক্যূসহ প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। উদ্ধারে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের পাশাপশি গাজীপুর জেলা প্রশাসন ও পুলিশ বিভাগও কাজ করছে।
শনিবার কারখানায় দুর্ঘটনার পর সারাদিন ফায়ার সার্ভিসের চেষ্টার পর গভীর রাতে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কারখানার ভেতরে নানা স্থানে জ্বলছিল। রোববার বিকাল থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করা হয়
রোববার হাসপাতালে মারা যান একজন। আর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় চারটি লাশ।
সোমবার সকালে প্রথমে দুটি লাশ উদ্ধার করা হয়। এরপর সেনাবাহিনী উদ্ধার অভিযান শুরুর পর আরও দুটি লাশ পাওয়া যায়।
আর মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।
