২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদেও উদ্ধার কাজ চলছে ট্যাম্পাকোতে

টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস কারখানার ধ্বসস্তূপে ঈদের দিনে ‘স্বল্পপরিসরে’ উদ্ধার কাজ চলেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2016, 03:42 PM

Updated : 11 Oct 2022, 08:43 PM

তবে মঙ্গলবার কোনো মৃতদেহ উদ্ধার হয়নি বলে উদ্ধারকারীরা জানিয়েছেন।

শনিবারের এ দুর্ঘটনায় ৩৩ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজ রয়েছেন এখনও ১০ জন।  

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রাশিদুল হাসান জানান, ধ্বংসস্তূপে সেনাবাহিনী ও ফায়ার ব্রিগেডের ৫০ জনের মতো কাজ করছেন। ঈদের দিন হলেও বিরতিহীনভাবে কাজ চলছে, তবে স্বল্প পরিসরে।

“সেখানে সর্বশেষ সোমবার চার জনের মৃতদেহ উদ্ধারের পর আর কোনো ডেডবডি পাওয়া যায়নি।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুর ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে বলে জানান উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান।

গাজীপুর জেলা কন্ট্রোল রুমের কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম জানান, নিখোঁজ তালিকার ১২ জনের মধ্যে সোমবার দুইটি লাশের পরিচয় পাওয়া গেছে। আরও ১০ জনের কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ ১০ জন হলেন-মাগুরা সদরের চনপুর ইডারন গ্রামের মালেক মোল্লার ছেলে আজিম উদ্দিন (৩৬), টাঙ্গাইলের মির্জাপুরের উকুলকি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জহিরুল ইসলাম (৩৭), লক্ষ্মীপুরের রামগঞ্জের শিবপুর গ্রামের আবু তাহেরের ছেলে রিয়াদ হোসেন মুরাদ (৩২), সিরাজগঞ্জের শাহজাদপুরের ঝিগার বাড়িয়া সুলতান গাজীর ছেলে আনিছুর রহমান (৩০), কিশোরগঞ্জের হোসেনপুরের মেছেরা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে রফিকুল ইসলাম (৪০), চাঁদপুরের কচুয়ার তেগরিয়া গ্রামের ইউনুস পাটোয়ারীর ছেলে নাসির উদ্দিন পাটোয়ারী (৪৫), কুমিল্লার মুরাদনগরের টনকী গ্রামের তোফায়েল হোসেনের ছেলে মাসুম আহমেদ (৩০), ফরিদপুরের বোয়লমারীর ভীমনগরের মোজাম মোল্লার ছেলে চুন্নু মোল্লা (২১), কারখানার অপারেটর রেদোয়ান আহম্মদ (৩৭) এবং অপারেটর সিলেটের বিয়ানীবাজারের আলীনগরের মৃত তমিজ উদ্দিনের ছেলে জয়নুল ইসলাম (৩৫)।