২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারঘাটে বিষাক্ত মদপানে আরও দুইজনের মৃত্যু

রাজশাহীর চারঘাটে বিষাক্ত মদপানে অসুস্থ আরও দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2016, 04:32 PM

Updated : 12 Apr 2022, 02:29 AM

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন চারঘাট থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ।

এরা হলেন উপজেলার কুটিপাড়া এলাকার জাহাঙ্গীর আলী (৫৫) ও লালন মণ্ডল (৪৫)।

এর আগে মঙ্গলবার বিষাক্ত মদপানে আরও পাঁচজনের মৃত্যু হয়।

ওসি বলেন, জাহাঙ্গীর ও লালন মঙ্গলবার ভোরে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে বুধবার অবস্থার অবনতি হলে তাদের প্রথমে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

“ধারণা করা হচ্ছে বিষাক্ত মদপানে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”

“তবে এরা সবাই সোমবার রাতে মদপান করেছিল বলে জানা গেছে,” বলেন ওসি নিবারণ।

চারঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ফেরদৌস বলেন, “জাহাঙ্গীর ও লালন মণ্ডলকে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সঙ্গে সঙ্গে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

“তাদের শরীরেও মদ্যপানের লক্ষ্মণ ছিল।”

পুরনো খবর:

চারঘাটে বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু