চারঘাটে বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু
রাজশাহীর চারঘাটে বিষাক্ত মদপানে পাঁচজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত তাদের মৃত্যু হয় বলে জানান চারঘাট থানার ওসি নিবারন চন্দ্র বর্মন।
এরা হলেন উপজেলার পোরশহরপুর গ্রামের মাহাতাব (৬০), পুলিশ একাডেমির সুইপার কলোনির অনিল (৬৫), জোহর লাল (৭০) ও বধুনী রাণী (৬০) এবং মোক্তারপুরের হেলাল (৫০)।
ওসি বলেন, মঙ্গলবার ভোরে অসুস্থ হয়ে বাড়িতেই মারা যান মাহাতাব। আর একজন চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে, একজন রাজশাহী মেডিকলে কলেজ হাসাপাতালে নেওয়ার পথে এবং দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
“হাসপাতালে মারা যাওয়া তিনজনের লাশ প্রথমে তাদের বাড়ি নিয়ে যাওয়া হলেও খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।”
তবে সকালেই মাহাতাবের লাশ পরিবার দাফন করে ফেলায় কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানান তিনি।
পুলিশ কর্মকতা নিবারন বলেন, মাহাতাব মদ তৈরি করতেন এবং পান করতেন। সোমবার রাতে তার বাড়িতেই পাঁচজন মদপান করেছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
চারঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ফেরদৌস বলেন, “হেলাল উদ্দিন মদ পানের কথা স্বীকার করেননি। তবে অনিল মদ খাওয়ার কথা স্বীকার করেন। তার কাছ থেকেই জানতে পারি হেলালও মদ পান করেছিলেন।
“তারা আসলে মিথাইল অ্যালকোহল বা স্পিরিট পান করেছিলেন। এই পানীয় পান করলে মুখে তেমন গন্ধ পাওয়া যায় না। তবে শ্বাস প্রশ্বাসের হার ও দৃষ্টিশক্তি কমে যায়। এদের সেই লক্ষ্মণ ছিল।”
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড মাস্টার মোশাররফ হোসেন বলেন, হাসপাতালের মৃত্যু সনদে অনিলের মৃত্যুর কারণ হিসেবে মদ পানের কথা লেখা রয়েছে।
