২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক সপ্তাহে চার খুন এক ডাকাতিতে উদ্বেগ

এক সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ চার খুন ও সোনার দোকানে ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ক্ষমতাসীন দলের এক জ্যেষ্ঠ নেতা ও স্থানীয় এক সংসদ সদস্য।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2016, 08:02 PM

Updated : 11 Oct 2022, 08:09 PM

পুরনো খবর:

বোমা ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি
রেজাউল হত্যা: ফের আন্দোলনে শিক্ষক সমিতি
রাবি শিক্ষক হত্যা: শিবির নেতা রিমান্ডে
রেজাউল করিম হত্যা: প্রতিবাদে উত্তাল রাবি
রাজশাহীতে আ. লীগ নেতা গুলিতে নিহত
আ. লীগ নেতা টুকু হত্যার দুই আসামি রিমান্ডে
রাজশাহীর হোটেলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ-তরুণীর লাশ

গত শুক্রবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলোর কোনো কিনারা করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।  

এর জন্য পুলিশের দুর্বলতাকে দায়ী করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।  

সংসদ সদস্য ও ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাও আইনশৃংখলা বাহিনীর সমালোচনা করেন।

সর্বশেষ বৃহস্পতিবার রাতে নগরীর ব্যস্ত এলাকা গণকপাড়ায় এম রায় জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতরা দোকান মালিককে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে বিপুল স্বর্ণালংকারসহ নগদ অর্থ লুট করে এবং পালানোর সময় হাতবোমার বিস্ফোরণ ও ফাঁকা গুলি চালায়।

এর আগে গত রোববার বিকালে নগরীর গোরহাঙ্গায় নগর ভবনের কাছে নিজ ব্যবসায়িক কার্যালয়ে গুলিতে নিহত হন জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক জিয়াউল হক টুকু।

শনিবার নগরীর শালবাগানে নিজ বাড়ির সামনে গলাকেট হত্যা করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে।

তার আগের দিন শুক্রবার (২২ এপ্রিল) নগরীর নাইস হোটেলে খুন হন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী সুমাইয়া ও মিজানুর রহমান।

শুক্রবার দুপুরে এম রায় জুয়েলার্স পরিদর্শনে যান রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

এ সময় রাজশাহী সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম উপস্থিত ছিলেন।

সোনার দোকান পরিদর্শন শেষে রাজশাহীর আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে সাংসদ বাদশা সাংবাদিকদের বলেন, “আইনশৃংখলা বাহিনীর ভূমিকার যে ঘাটতি আমাদের চোখে পড়েছে তাতে মনে হয় জনজীবনের নিরাপত্তা নিয়ে ওই বাহিনীর কোনো চিন্তা নাই।

“দুর্বৃত্তরা প্রকাশ্যে আমাদের মেরে যাবে, মালামাল লুট করে নিয়ে যাবে, আর আইনশৃংখলা বাহিনী নীরবতা পালন করবে, এটা হতে পারে না।”

এক সপ্তাহের মধ্যে রাজশাহীর চার হত্যাকাণ্ড ও ডাকাতির ঘটনায় মানুষ উদ্বিগ্ন বলে মন্তব্য করেন বাদশা।

গত বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজশাহীর আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন উল্লেখস করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজশাহীর জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

সোনার দোকানে ডাকাতির পর বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থাল পরিদর্শন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।

ওই সময় তিনি সাংবাদিকদের বলেন, এমন ডাকাতির ঘটনা রাজশাহী নগরবাসী আগে আর দেখেনি।

“এলাকাবাসী ডাকাতদের প্রতিহত করতে পারত, কিন্তু পুলিশ পর পর চারটি খুনের ঘটনার কোনো কিনারা করতে না পারায় জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।”

আতঙ্কের কারণে জনগণ ডাকাতদের প্রতিরোধে এগিয়ে যেতে সাহস পায়নি বলে মনে করেন নগরের সাবেক এই মেয়র।

যেকোনো ঘটনার আগাম তথ্য পাওয়ার ব্যাপারে পুলিশের গোয়েন্দা সংস্থ্যা বা সোর্স অত্যন্ত দুর্বল বলে অভিযোগ করেন লিটন।

পুলিশ জনগণকে হয়রানি করে অর্থ বাণিজ্য নিয়ে বেশি ব্যস্ত থাকায় অপরাধীরা সক্রিয় হওয়ার সুযোগ পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ওই সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার তার সঙ্গে ছিলেন।

ডাকাতির শিকার সোনার দোকান পরিদর্শনকালে রাজশাহীর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন বলেন, “এক সপ্তাহে চারটি ঘটনার প্রেক্ষিতে সবার মধ্যেই উদ্বেগ ও ক্ষোভ আসাটাই স্বাভাবিক। তবে পুলিশ সক্রিয় রয়েছে।

অপরাধীদের খুঁজে বের করতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। ইতোমধ্যেই কয়েকজনকে গ্রেপ্তার করাও হয়েছে বলেও জানান তিনি।