২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর হোটেলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ-তরুণীর লাশ

রাজশাহীর একটি আবাসিক হোটেলের এক কক্ষে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ ও তরুণীর লাশ পাওয়া গেছে, যাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। 

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2016, 03:18 PM

Updated : 11 Oct 2022, 08:07 PM

শুক্রবার দুপুরে নগরীর সাহেব বাজার এলাকার ‘হোটেল নাইস ইন্টারন্যাশনালের’ একটি কক্ষ থেকে দুজনের লাশ উদ্ধার করা হয় বলে বোয়ালিয়া থানার ওসি শাহাদৎ হোসেন খান জানিয়েছেন।

নিহতরা হলেন- মিজানুর রহমান (২৩) ও সুমাইয়া ইয়াসমিন  (২০)।

এদের মধ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দবিরগঞ্জের পাঠানপাড়া এলাকার অসেদ আলীর ছেলে মিজান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

আর সুমাইয়া পাবনার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়েন। তার পরিবার বগুড়ার উপশহর এলাকায় থাকে,  বাবা আব্দুল করিম গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক।

এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেলটির চার কর্মচারীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান বোয়ালিয়ার ওসি শাহাদৎ।

মিজান ও সুমাইয়া স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে বুধবার রাত সাড়ে ১০টার দিকে হোটেলে উঠেছিলেন বলে জানান নাইস ইন্টারন্যাশনালের ম্যানেজার আবুল কালাম আজাদ।

আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যবসা সংক্রান্ত বিষয়ে রাজশাহীতে এসেছেন বলে জানিয়েছিলেন তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় দুজনেই হোটেল কাউন্টারে এসে বিল মিটিয়ে দিয়ে শুক্রবার সকালে হোটেল ছাড়বেন বলে জানিয়েছিলেন।

“শুক্রবার দুপুরে প্রতিটা রুম রুটিন চেকআপ করার সময় ৩০৩ নম্বর রুমটি ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে দরজার ফাঁক দিয়ে কেউ একজন ফ্যানের সঙ্গে ঝুলে আছে দেখা যায়।”

এরপর তারা কক্ষটি খুলে দুজনকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন বলে জানান হোটেল ম্যানেজার আজাদ।

বোয়ালিয়ার ওসি শাহাদৎ হোসেন জানান, তারা ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা খোলা দেখতে পান।

“মিজানের লাশ ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় ছিল। আর সুরাইয়ার লাশ বিছানায় পাওয়া গেছে।

“সুমাইয়ার মুখে বালিশ চাপা দেওয়া ছিল, বালিশটা ছিল রক্ত মাখা। সুমাইয়াকে বালিশ চাপা দিয়ে মারা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।”

তবে নিহত দুজনের শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে ওসি বলেন, “দেখে মনে হচ্ছে হত্যা; ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

হোটেল রেজিস্ট্রারে দেওয়া দুটি মোবাইল নম্বর থেকে পুলিশ তাদের ঠিকানা উদ্ধার করে।

হোটেল রেজিস্ট্রার অনুযায়ী, তাদের দুজনের ঠিকানা দেওয়া আছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দবিরগঞ্জের পাঠানপাড়া এলাকায়।

তবে তাদের পরিচয়ের ঘরে লেখা রয়েছে, মিজান উল্লাপাড়ার দবিরগঞ্জের পাঠানপাড়ার অসেদ আলীর ছেলে; আর সুমাইয়া পাবনার রাধানগর এলাকার আব্দুল করিমের মেয়ে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ঘটনাস্থলে লাশ দুইটিসহ ওই কক্ষটি পরীক্ষা করে। লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।