২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি

রাজশাহী মহানগরীর গণকপাড়া এলাকায় সোনার দোকানে বোমা ফাটিয়ে ডাকাতি ও দোকানমালিককে কুপিয়ে জখম করার খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজশাহী অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2016, 11:56 PM

Updated : 11 Oct 2022, 08:08 PM

বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় এম রায় জুয়েলার্সের এ ঘটনায় গুরুতর আহত দোকানমালিক মনিস রায়কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

দোকানমালিক মনিস রায়ের ভাই পাপ্পা রায়সহ ও প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানান, মাইক্রোবাস ও মোটরসাইকেল যোগে এসে ৮-১০ জনের ডাকাতদল প্রথমে চার-পাঁচটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

তবে কী পরিমাণ স্বার্ণালংকার লুট হয়েছে তা জানাতে পারেননি পাপ্পা রায়।

দোকানের কর্মচারী কাশিনাথ রায় বলেন, ডাকাতদলের সবাই মুখোশ পারা ছিল। তিনজন দোকানের ভিতর ঢোকে। তাদের মধ্যে দুইজনের হাতে পিস্তল ও একজনের হাতে চাপাতি ছিল।

“ওই চাপাতি দিয়ে মনিস রায়কে কুপিয়ে জখম করে। তার বাম ঘাড়ে দুইটি কোপ দেয়।”

প্রত্যক্ষদর্শী মুক্তারুল হোসেন বলেন, একই মোটরসাইকেলে দুইজন ছিল। প্রথমে মোটরসাইকেল থেকে বোমা মারে।

“ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতরা আরও ছয়-সাতটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।”

বোয়ালিয়া থানার এসআই মহিউদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে দুইটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধারসহ নগরীর মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

পুলিশ ও র‌্যাব কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।