২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি শিক্ষক হত্যা: শিবির নেতা রিমান্ডে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজির শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যায় গ্রেপ্তার শিবির নেতা হাফিজুর রহমানকে জিজ্ঞাসাদের জন্য চার দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2016, 06:16 PM

Updated : 20 Aug 2022, 12:34 PM

বৃহস্পতিবার বিকালে রাজশাহী মহানগর হাকিম মোকসেদা আজগর তাকে হেফাজতে (রিমান্ড) নেওয়ার আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউল সাদিক বলেন, আদালতের আদেশ পাওয়ার পর হাফিজকে রিমান্ডে নেওয়া হয়েছে।

তিনি জানান, গত রোববার হাফিজকে আটক করা হয়। পরদিন সাত দিনের রিমান্ডের আবেদন করে তাকে আদালতে হাজির করা হলে বৃহস্পতিবার শুনানির তারিখ ধার্য করা হয়।

হাফিজুর রহমান নগরীর ১৯ নম্বর ওয়ার্ড ছাত্র শিবিরের সেক্রেটারি এবং বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

 

সাদিক আরও জানান, এ হত্যার ঘটনায় গ্রেপ্তার রায়হান আলী ও খায়রুল ইসলামকেও সাত দিনের রিমান্ডের আবেদন করে বৃহস্পতিবার বিকালে আদালতে হাজির করা হয়েছে।

আদালত আগামী সোমবার রিমান্ডে আবেদনের শুনানির দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

রায়হান আলী নিহত শিক্ষক রেজাউল করিমের নিজ গ্রাম বাগমারা উপজেলার দরগামাড়িয়া জামে মসজিদের ইমাম। খায়রুল ইসলামের বাড়ি নগরীর মতিহার থানার খড়খড়ি এলাকায়।

খায়রুল বশিরাবাদ মাদ্রাসার ছাত্র ও এবার এএইচসি পরীক্ষার্থী বলে জানান পুলিশ পরিদর্শক রেজাউল সাদিক।

গত শনিবার সকাল সাড়ে ৭টায় রাজশাহীর শালাবাগান এলাকায় নিজ বাসা থেকে ৫০ গজ দূরে অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় সেদিনই নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করেছে ওই শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ হোসেন। গোয়েন্দা পুলিশকে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ঘটনায় নগরীর এক ওয়ার্ড শিবির নেতা, রেজাউল করিমের গ্রামের বাড়ির এক মসজিদের ইমাম ও এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।

পুরনো খবর:

রাবি অধ্যাপক রেজাউলকে কুপিয়ে হত্যা
রেজাউল হত্যায় আটক যুবক শিবির নেতা