শৌচাগার নির্মাণে রডের বদলে বাঁশ: দুদকের মামলা
গাইবান্ধা সদর উপজেলার মেঘডুমুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার নির্মাণে রডের বদলে বাঁশ ও বেঞ্চের পুরনো রড ব্যবহারের ঘটনায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুপুরে দুদক রংপুর বিভাগের সহকারী পরিচালক মো. জাকারিয়া বাদী হয়ে দুজনকে আসামি করে গাইবান্ধা সদর থানায় মামলাটি করেন বলে সদর থানার ওসি একেএম মেহেদী হাসান জানান।
মামলায় গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আরিফ বিল্লাহ (৪০) ও নির্মাণ কাজের ঠিকাদার আব্দুল খালেককে (৪৪) আসামি করা হয়েছে।
ওসি মেহেদী হাসান বলেন, রডের বদলে বাঁশ দেওয়ার ঘটনায় গত ১৩ এপ্রিল উপ-সহকারী প্রকৌশলী ও ঠিকাদারকে আটক করা হয়েছে।তারা কারাগারে রয়েছেন।
আট লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে মেঘডুমুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শৌচাগার নির্মাণের দায়িত্ব পান ঠিকাদার আব্দুল খালেক। নীতিমালা অনুযায়ী বিভিন্ন ঢালাইয়ের কাজে ১০/১২ মিলিমিটার রড ব্যবহার করার কথা থাকলেও ঠিকাদার চিকন বাঁশ ও বেঞ্চের ফ্রেম ব্যবহার করে ঢালাই করেন।
পরে বিষয়টি তদন্তে তিনটি কমিটি গঠন করা হয়। তদন্তে নির্মাণাধীন শৌচাগারে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগ প্রমাণিত হয়।
