২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলের শৌচাগার নির্মাণে রডের বদলে বাঁশ: আরও এক তদন্ত কমিটি

গাইবান্ধা সদর উপজেলার মেঘডুমুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার নির্মাণ কাজে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগের পর ঠিকাদারের নির্মাণাধীন আরও আটটি স্কুলে শৌচাগার তদন্তে কমিটি হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 08:55 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

সোমবার তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় বলে জানান গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম চৌধুরী।

গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. তরিকুল ইসলামকে আহ্বায়ক করে গঠিত ওই কমিটির অন্য দুই সদস্য হল সাঘাটা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. শাহজাহান আলী ও সাদুল্লাপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. ইনছার আলী।

কমিটিকে আগামী সাত দিনের মধ্যে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এর আগে রোববার এই ঘটনায় গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

 

ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, দরজা ও জানালার উপরের অংশে চিকন বাঁশ পাওয়া গেছে।  আর কোথাও বাঁশ ব্যবহার করা হয়েছে কি না তা জানার জন্য ছাদ ভেঙে দেখার সুপারিশ করা হয়েছে।

তবে কাজের তদারকির দায়িত্বে থাকা গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী আরিফ বিল্লাহর বিরুদ্ধে এখনও বিভাগীয় কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই।

নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম চৌধুরী বলেন, ওই ঠিকাদার মেঘডুমুরসহ মোট আটটি বিদ্যালয়ের কাজ পেয়েছেন। বাঁশ ব্যবহারের অভিযোগ ওঠার পর সব নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

তবে দায়িত্বরত প্রকৌশলীর বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা নেওয়া  হয় নাই কেন- এমন প্রশ্নের জবাব এড়িয়ে জবাব নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম চৌধুরী বলেন, “বিষয়টি আমরা আরও খতিয়ে দেখছি।”

গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে গত বছরের সেপ্টেম্বর মাসে মেঘডুমুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শৌচাগার (ওয়াশ ব্লক) নির্মাণ কাজ শুরু হয়। এতে ব্যয় ধরা হয় আট লাখ ৫০ হাজার টাকা। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ঠিকাদার আব্দুল খালেক ওই নির্মাণ কাজের দায়িত্ব পান।

নীতিমালা অনুযায়ী বিভিন্ন ঢালাইয়ের কাজে দশ থেকে ১২ মিলিমিটার রড ব্যবহার এবং কাজ দিনে করার কথা থাকলেও ঠিকাদার চিকন বাঁশ ব্যবহার করে রাতে ঢালাইয়ের কাজ করেন। এতে এলাকাবাসীর সন্দেহ হলে তারা ঘটনা স্থানীয় চেয়ারম্যানকে জানায়।

পরে গত ৮ এপ্রির শৌচাগারের ঢালাইকরা একটি জানালা ও একটি দরজার উপরের অংশ  ভেঙে বাঁশ পাওয়া যায়।

পুরনো খবর:

স্কুলের শৌচাগার নির্মাণে রডের বদলে বাঁশ