২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে দগ্ধ গৃহবধূর মৃত্যুতে স্বামীর বিরুদ্ধে মামলা

ঢাকার কেরানীগঞ্জে আগুনে পুড়ে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তার স্বামী ও শ্বাশুড়িসহ তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 11:33 AM

Updated : 12 Apr 2022, 01:49 AM

আসামির হলেন- উপজেলার বেলনা বাবুরকান্দি গ্রামের আল হাসান (২৭), তার মা হাজেরা বেগম (৫৫) ও বোন বন্যা (২২।

রোববার রাতে শিল্পী আক্তার নামের ওই নারীর মা রহিমা বেগম বাদী হয়ে মামলাটি করেন বলে কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক জিন্নাত আলী আনসারী জানিয়েছেন।

মামলার বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ছয় মাস আগে জইনপুর ছাতিরচরের আবু তাহেরের মেয়ে শিল্পীর সঙ্গে হাসানের বিয়ের পর থেকেই স্বামী, শ্বাশুড়ি ও ননদ মিলে যৌতুকের জন্য তার উপর নির্যাতন শুরু করে।

“মাস দুয়েক পর তারা শিল্পীকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে তিনি বাবার বাড়ি চলে যান। সেখানেও টাকা চেয়ে বারবার ফোন করে তারা মানসিক নির্যাতন চালাতো। এই পরিস্থিতি সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেন শিল্পী।”

এই ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানান তিনি।

শুক্রবার সকালে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন শিল্পী। শনিবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুরনো খবর:

আগুনে গৃহবধূর ‘আত্মহত্যা’