আগুনে গৃহবধূর ‘আত্মহত্যা’
ঢাকার কেরাণীগঞ্জ উপজেলায় এক গৃহবধূ গায়ে আগুন দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে পুলিশ।
শিল্পী আক্তার (২১) শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে কেরাণীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিন্নাত আলী জানান।
নিহত শিল্পী রহিতপুর ইউনিয়নের বেলনা বাবুরকান্দি গ্রামের আল হাসানের স্ত্রী ও জইনপুর ছাতিরচরের আবু তাহেরের মেয়ে।
পরিদর্শক (তদন্ত) জিন্নাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয় মাস আগে পারিবারিকভাবে বিয়ের দুই মাস পর থেকে তাদের মধ্যে কলহ শুরু হয়।
“এর জের ধরে শিল্পী তার বাবার বাড়ি চলে আসেন। গত চার মাস তিনি বাবার বাড়িতে ছিলেন। শুক্রবার সকালে তার বাবা কাজে বের হলে তিনি নিজ গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন বলে জানা গেছে।”
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শনিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিদর্শক জিন্নাত জানান।
