ফেনীর সেই অস্ত্র মামলার বিচার শুরু
আওয়ামী লীগের সমাবেশ থেকে ফেরার সময় ফেনীতে অস্ত্রসহ আটক দলের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে বিচার শুরু নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে ফেনীর দায়রা জজ আদালতের বিচারক দেওয়ান মো. সফিউল্লাহ অভিযোগ গঠন করে আগামী ১১ মে সাক্ষ্যগ্রহণের তারিখ রেখেছেন বলে জানান পিপি হাফেজ আহম্মেদ।
এ মামলায় গ্রেপ্তার ২৬ আসামির মধ্যে ১৪ জন কাশিমপুর কারাগারে ও ১২ জন ফেনী কারাগারে রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, গত ৬ জুন রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকায় র্যাব অভিযান চালিয়ে তিনটি মাইক্রোবাস থেকে ১৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ২২টি দেশি আগ্নেয়াস্ত্র এবং প্রায় দেড়শ রাউন্ড গুলিসহ আওয়ামী লীগের ২৬ নেতা-কর্মীকে আটক করে।
এ ঘটনায় র্যাবের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইব্রাহিম ৭ জুন ফেনী মডেল থানায় অস্ত্র আইনে মামলা করেন। অধিকতর তদন্ত শেষে গত বছরের ২৮ ডিসেম্বর অভিযোগপত্র দেন সিআইডির তদন্ত কর্মকর্তা গোলাম মোস্তফা।
মামলাটি স্পর্শকাতর হওয়ায় আদালতের নির্দেশে সিআইডিতে হস্তান্তর করা হয়। ফেনী কারাগারে বিশৃঙ্খলার অভিযোগে গত ১৭ ডিসেম্বর এ মামলার ১৪ আসামিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়।
আসামিরা হলেন ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন (৪২), উপজেলা যুবলীগের সভাপতি সালেহ আহম্মেদ ওরফে মিন্টু মেম্বর (৩৫), উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. এনামুল করিম ওরফে রাজিব পাটোয়ারী (২৫), ফুলগাজী আনন্দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সরোয়ার হোসেন (২৯), দরবার পুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আবুল কাশেম বেসু (৩৫), মুন্সীর হাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ (৩০), দাগনভূইয়া উপজেলার সিন্দুর পুর ইউনিয়নের যুবলীগের যুগ্ম সম্পাদক মো. আবদুর রহমান রিন্টু (২৯), সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আরাফাত হোসেন আসিফ (২৪), একই ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান জেমী (২৫), ফেনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক শুভ, ফুলগাজীর দক্ষিণ আনন্দপুর গ্রামের শফিকুল ইসলাম রিপন (২৬), আশরাফুল ইসলাম মাছুম (২৩), ওমর ফারুক (২৪), আবু তাহের (৩৫), শাহাদাত হোসেন (২৭), পৈথারা গ্রামের মো. শাহাদাত হোসেন (২৪), কমুয়া চাঁনপুর গ্রামের রবিউল ইসলাম মানিক (২৪), হাসানপুর গ্রামের ফারুক হোসেন (৩২), কফিল উদ্দিন সোহেল (২৮), সোনাগাজীর চর সোনাপুরের আবু ইউসুফ ডলার (২৫), মোহাম্মদ মাঈনুদ্দিন (১৯), ছাগলনাইয়া পশ্চিম মধুগ্রামের একরামুল হক সিফাত (২১), সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বড়ইর গ্রামের মোহাম্মদ নোমান (২২), মাথিয়ারা গ্রামের ইমরান হোসেন (২৬), বাথানিয়া গ্রামের মোহাম্মদ হাসান (২২), শর্শদী ইউনিয়নের উত্তর জাহানপুর গ্রামের রবিউল হক লিটন (৩৮)।
