ফেনীর সেই অস্ত্র মামলায় অভিযোগ গঠন ২৯ ফেব্রুয়ারি
আওয়ামী লীগের সমাবেশ থেকে ফেরার সময় ফেনীতে অস্ত্রসহ আটক দলের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত।
ফেনীর বিশেষ ট্রাইবুন্যাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্যাহ মঙ্গলবার বিকালে অভিযোগপত্র আমলে নিয়ে আগামী ২৯ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের তারিখ রাখেন।
অস্ত্রসহ গ্রেপ্তার আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের অস্ত্র মামলাটি অধিকতর তদন্ত শেষে গত বছরের ২৮ ডিসেম্বর অভিযোগপত্র দেন সিআইডির তদন্ত কর্মকর্তা গোলাম মোস্তফা।
আসামী পক্ষের আইনজীবী কাজী বুলবুল আহমদ সোহাগ জানান, গত বছরের ৬ জুন সোনাগাজীতে যুবলীগ নেতা আজিজুল হক হত্যার প্রতিবাদে আওয়ামী লীগের সভা শেষে ফেনী ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় গাড়ি বহরে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, গুলি ও কার্তুজসহ সাংসদ নিজাম হাজারির অনুসারী হিসেবে পরিচিত যুবলীগ-ছাত্রলীগের ২৬ নেতাকর্মীকে আটক করে র্যাব।
এ ঘটনায় র্যাবের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইব্রাহিম বাদী হয়ে ফেনী মডেল থানায় অস্ত্র আইনে মামলা করেন।
মামলাটি স্পর্শকাতর হওয়ায় আদালতের নির্দেশে সিআইডিতে হস্তান্তর করা হয়।ফেনী কারাগারে বিশৃঙ্খলার অভিযোগে গত ১৭ ডিসেম্বর এ মামলার ১৪ আসামিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়।
আসামিরা হলেন ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন (৪২), উপজেলা যুবলীগের সভাপতি সালেহ আহম্মেদ ওরফে মিন্টু মেম্বর (৩৫), উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. এনামুল করিম ওরফে রাজিব পাটোয়ারী (২৫), ফুলগাজী আনন্দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সরোয়ার হোসেন (২৯), দরবার পুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আবুল কাশেম বেসু (৩৫), মুন্সীর হাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ (৩০), দাগনভূইয়া উপজেলার সিন্দুর পুর ইউনিয়নের যুবলীগের যুগ্ম সম্পাদক মো. আবদুর রহমান রিন্টু (২৯), সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আরাফাত হোসেন আসিফ (২৪), একই ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান জেমী (২৫), ফেনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক শুভ, ফুলগাজীর দক্ষিণ আনন্দপুর গ্রামের শফিকুল ইসলাম রিপন (২৬), আশরাফুল ইসলাম মাছুম (২৩), ওমর ফারুক (২৪), আবু তাহের (৩৫), শাহাদাত হোসেন (২৭), পৈথারা গ্রামের মো. শাহাদাত হোসেন (২৪), কমুয়া চাঁনপুর গ্রামের রবিউল ইসলাম মানিক (২৪), হাসানপুর গ্রামের ফারুক হোসেন (৩২), কফিল উদ্দিন সোহেল (২৮), সোনাগাজীর চর সোনাপুরের আবু ইউসুফ ডলার (২৫), মোহাম্মদ মাঈনুদ্দিন (১৯), ছাগলনাইয়া পশ্চিম মধুগ্রামের একরামুল হক সিফাত (২১), সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বড়ইর গ্রামের মোহাম্মদ নোমান (২২), মাথিয়ারা গ্রামের ইমরান হোসেন (২৬), বাথানিয়া গ্রামের মোহাম্মদ হাসান (২২), শর্শদী ইউনিয়নের উত্তর জাহানপুর গ্রামের রবিউল হক লিটন (৩৮)।
