২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেক প্রতারণা মামলায় কারাগারে রফিউর রাব্বি  

চেক প্রতারণার মামলায় নারায়ণগঞ্জের সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বিকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 01:59 PM

Updated : 20 Aug 2022, 12:19 PM

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক মিয়াজী শহিদুল আলম চৌধুরী মঙ্গলবার এ আদেশ দেন। 

জালাল উদ্দিন আহম্মেদ নামে এক ব্যবসায়ী ২০১২ সালে রাব্বির বিরুদ্ধে ৭০ লাখ টাকার চেক জালিয়াতির মামলা করেন। এ মামলায় ২০১৪ সালে তাকে এক বছরের কারাদণ্ড ও দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করে আদালত।

ওই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করে হেরে যান রাব্বি। এরপর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। দুপুরে আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পিপি আব্দুর রহিম বলেন, “রফিউর রাব্বি আদালতে হাজির হয়ে এ মামলায় জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাকে জেলহাজতে পাঠানো আদেশ দেন।”

নারায়ণগঞ্জের সাংস্কৃতিক সংগঠক রফিউর রাব্বি ২০১৩ সালে অপহরণকারীদের হাতে নিহত স্কুলছাত্র ত্বকীর বাবা। ওই হত্যাকাণ্ডের জন্য ক্ষমতাসীন দলের সাংসদ শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের দায়ী করে আসছিলেন রাব্বি।

তার বিরুদ্ধে চেক জালিয়াতির এ মামলার বাদি জালাল উদ্দিন সম্পর্কে শামীম ওসমানের মামা শ্বশুর।   

রাব্বির মালিকাধীন পোশাক কারখানা সাইন নিটওয়্যার লিমিটেডের কাছে সোনালী ব্যাংক নারায়ণগঞ্জ করপোরেট শাখায় সুদে-আসলে ১৯ কোটি ৪০ লাখ ১০৪ টাকা পাওনা থাকায় তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে।

এ কারণে গত বছর নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের উপ নির্বাচনে রাব্বির মনোনয়নপত্র নির্বাচন কমিশন বাতিল করে দেয়।

পুরনো খবর:

চেক প্রতারণা: রফিউর রাব্বির জামিন
চেক প্রতারণা: ত্বকীর বাবা রাব্বির কারাদণ্ড