২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেক প্রতারণা: রফিউর রাব্বির জামিন

সত্তর লাখ টাকার চেক প্রতারণার মামলায় দণ্ডপ্রাপ্ত নারায়ণগঞ্জের নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বিকে আগামী ২৫ অগাস্ট পর্যন্ত জামিন দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 02:05 PM

Updated : 25 Apr 2022, 01:36 PM

রাব্বি মঙ্গলবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুন-উর রশিদের আদালতে হাজির হয়ে চেকের মূল অর্থের অর্ধেক ৩৫ লাখ টাকার আদালতে জমা দিয়ে জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

এই সময়ের মধ্যে রাব্বি সাজার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

তিন বছর আগের এই মামলায় গত ২৪ জুন একই বিচারক রফিউর রাব্বিকে এক বছরের কারাদণ্ড ও ২ কোটি ১০ লাখ টাকা জরিমানা করেন।

জরিমানার ১ কোটি ৪০ লাখ টাকা মামলার বাদীকে, বাকি টাকা সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়েছে রায়ে।

নারায়ণগঞ্জের সাংস্কৃতিক সংগঠক রফিউর রাব্বি ২০১৩ সালে অপহরণকারীদের হাতে নিহত স্কুলছাত্র ত্বকীর বাবা। ওই হত্যাকাণ্ডের জন্য ক্ষমতাসীন দলের সাংসদ শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের দায়ী করে আসছিলেন রাব্বি।  

শামীম ওসমানের মামা শ্বশুর জালাল উদ্দিন ২০১২ সালে রাব্বির বিরুদ্ধে চেক প্রতারণার এই মামলা করেন।

পুরনো খবর:

চেক প্রতারণা: ত্বকীর বাবা রাব্বির কারাদণ্ড