তনু হত্যার প্রতিবাদে কুমিল্লায় মোমবাতি প্রজ্বালন ও মিছিল-সমাবেশ
ময়নামতি সেনানিবাস এলাকায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ঘটনায় মোমবাতি প্রজ্বালন ও মিছিল-সমাবেশের মাধ্যমে প্রতিবাদ করেছে কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শনিবার বিকেলে কুমিল্লার কান্দিরপাড় পুবালি চত্বরে মোমবাতি প্রজ্বালনের পর শিক্ষার্থীরা মৌন মিছিল বের করে। মিছিলটি জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ-সমাবেশে তনুর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানায় শিক্ষার্থীরা।
গত ২০ মার্চ রাতে সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে তনুর লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার আগে দুর্বৃত্তরা তাকে ধর্ষণ করে বলে পুলিশের ধারণা।
এ ঘটনায় তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী ইয়ার হোসেন কোতোয়ালি থানায় মামলা করার পর গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।
তনু ওই কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। পারিবারিক অসচ্ছলতার কারণে তিনি টিউশনি করাতেন। ঘটনার দিন সন্ধ্যায় টিউশনি করিয়ে ফেরার পথে নিখোঁজ হন। পরে তার লাশ পাওয়া যায়।
