ট্রাকচাপায় ২ পুলিশ নিহত: চালক আটক
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় দুই পুলিশ সদস্য নিহতের ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শিবগঞ্জের কশিয়াবাড়ি থেকে চালক সিরাজ আলীকে আটক করা হয়।
সিরাজ ঝালকাঠির নলছিটি উপজেলার আবদুল আওয়ালের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে একটি ট্রাকের চাপায় দিলে এসআই সাদেকুল ইসলাম ও সার্জেন্ট আতাউল ইসলাম নিহত হন।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি হামিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিরাজ আলী ট্রাকে করে ১৪৫০ বোতল ফেন্সিডিল নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। তিনি মোটরসাইকেলসহ দুই পুলিশকে চাপা দেওয়ার কথা স্বীকার করেছেন।
এসআই সাদেকুল ছিলেন দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার রাজারামপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে এবং সার্জেন্ট আতাউল জয়পুরহাটের ধীরতির সূতিঘাট এলাকার শাজাহানের ছেলে।
শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাদক পরিবহন করছে এমন সংবাদের ভিত্তিতে কানসাট গোপালনগর মোড়ে একটি ট্রাক থামানোর সংকেত দেয় পুলিশ।
“ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুই পুলিশ কর্মকর্তা মোটরসাইকেলযোগে তাদের ধাওয়া করেন। পল্লী বিদ্যুৎ মোড়ে মোটরসাইকেলটি ট্রাকের সামনে গিয়ে গতিরোধের চেষ্টা করলে ট্রাকটি তাদের চাপা দিয়ে চলে যায়।”
এ সময় দুই কর্মকর্তা ঘটনাস্থলেই নিহত হন।
