২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ‘প্রতিপক্ষের’ হামলায় আহত এক ব্যক্তির মৃত্যু

পাবনায় চার দিন আগে প্রতিপক্ষের হামলায় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2015, 02:14 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরজান সরদার নামে ৬০ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয় বলে সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান জানান।

আরজান সরদার পাবনা সদরের গয়েশপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। গত ২০ ডিসেম্বর গয়েশপুরের পয়দা গ্রামে প্রতিপক্ষের হামলায় তিনি আহত হন।

ওই ঘটনায় জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। আহত হন আহম্মদ আলী নামের আরেক যুবক।

ওসি বলেন, “ঘটনার পর আরজান ও আলীকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সেখানেই আরজানের মৃত্যু হয়।”

হামলার ঘটনায় গত ২২ ডিসেম্বর নিহত মকবুল হোসেনের স্ত্রী পাবনা সদর থানায় একটি মামলা করেন। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান ওসি আব্দুল্লাহ।

এলাকাবাসীর বরাত দিয়ে তিনি বলেন, গভীর নলকূপের জন্য নালা কাটা নিয়ে গ্রামের কিছু লোকের সঙ্গে মকবুলের বিরোধ চলছিল। এর জেরেই ওই হামলা হয় বলে স্থানীয়দের ধারণা।

পুরনো খবর:

পাবনায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা