২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার থেকে ফিরল আড়াইহাজারের সবুজ

মালয়েশিয়া যাওয়ার পথে মিয়ানমারের জলসীমায় উদ্ধারের পর বাড়ি ফিরে এসেছে নারায়ণগঞ্জের আড়াইহাজারের কিশোর মো. সবুজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2015, 09:15 PM

Updated : 22 Aug 2022, 02:08 PM

শুক্রবার দুপুরে নগরীর চাষাঢ়ায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ কার্যালয়ে সবুজকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সবুজ আড়াইহাজার উপজেলার সুলতানসাদী ইউনিয়নের ইলমদী খন্দকারকান্দিী গ্রামের ফজলুল হকের ছেলে।

রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটের যুব প্রধান হাবিবুর রহমান জানান, এই নিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে দালালদের নেওয়া এ জেলার ১২ কিশোরকে স্বজনদের কাছে হস্তান্তর করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। এর আগে গত ছয় মাসে ১১ জনকে হস্তান্তর করা হয়েছিল।

সবুজ সাংবাদিকদের জানায়, গত এপ্রিলে মানবপাচার চক্রের স্থানীয় দালাল সমবয়সী ইমরান তাকে বিনা খরচে মালয়েশিয়া গিয়ে ৬০ থেকে ৭০ হাজার টাকা বেতনের চাকরির প্রলোভন দেখায়।

ইমরানের প্ররোচনায় মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে গত ২৪ এপ্রিল সকালে পরিবারের কাউকে না জানিয়ে ইমরানের সঙ্গে সে বাড়ি থেকে বের হয়ে যায় বলে জানায় সবুজ।

“দালাল ইমরান রাজধানীর যাত্রাবাড়ি নিয়ে গিয়ে আমাকে আরেক দালালের কাছে বিক্রি করে পালিয়ে যায়।

“ওই দালাল সেদিন রাতেই আমাকে চট্টগ্রাম নিয়ে যায়। সেখানে বারো আউলিয়ার মাজারের পাশের একটি খাল দিয়ে মাছ ধরার ট্রলারে করে আমাকে সমুদ্রপথে নিয়ে গিয়ে প্রায় দুই মাস মিয়ানমার ও থাইল্যান্ডের সাগরে ভাসমান অবস্থায় বন্দি রাখে।”

ওই সময় সবুজসহ পাচারের উদ্দেশ্যে নেওয়া সবাইকে মারধর ও অনাহারে রাখাসহ নানা নির্যাতন করে বলে জানায় সে।  

“এরপর মিয়ানমার নৌবাহিনী উদ্ধার করে আরও পাঁচ মাস আটকে রাখে।”

সাত মাস পর ছেলেকে ফিরে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন সবুজের বৃদ্ধ বাবা ফজলুল হক।

সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি মানব পাচারে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মিয়ানমারের জলসীমা থেকে সাগরে জাহাজে ভাসমান অবস্থায় গত ২১ মে ২০৮ জন ও ২৯ মে ৭২৭ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে দেশটির নৌ-বাহিনী।

এরপর ছয় দফায় ৭২৯ জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করে দেশে ফিরিয়ে আনা হয়।

সর্বশেষ ৪৮ জনকে ফিরিয়ে আনার পর মিয়ানমারে আর কেউ আটকা পড়ে নেই বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুরনো খবর:

মিয়ানমার থেকে ফিরেছেন আরও ৪৮ বাংলাদেশি
মিয়ানমারফেরত বাকি ৪৩ জনও বাড়ির পথে