২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারফেরত বাকি ৪৩ জনও বাড়ির পথে

মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার ৪৮ বাংলাদেশির সবাইকে যার যার বাড়ির পথে পাঠিয়ে দিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। 

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2015, 03:27 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌস আলী জানান, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় শুক্রবার বেলা সাড়ে ১১টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র থেকে ৪৩ জনকে বাড়ির পথে রওনা করিয়ে দেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় অপ্রাপ্তবয়স্ক পাঁচ শিশু-কিশোরকে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য পাঠানো হয়।

বুধবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে এই ৪৮ জনকে মিয়ানমার থেকে দেশে ফিরিয়ে আনে বিজিবি। পরে দুটি বাসে করে তাদের কক্সবাজারে নিয়ে রাখা হয় সাংস্কৃতিক কেন্দ্রে।

ফেরদৌস আলী বলেন, রাতেই সবার ইমিগ্রেশন সংশিষ্ট কাজ শেষ হয়। এরপর পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন।

“জিজ্ঞাসাবাদে মানব পাচারে জড়িত কক্সবাজারসহ ১৮ জেলার ৮৬ জনের পরিচয় জানা গেছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।”

আইওএম’র ন্যাশনাল প্রোগাম অফিসার আসিফ মুনীর জানান, ফেরত আনা ৪৮ জন ১৩টি জেলার বাসিন্দা।

“এর মধ্যে কক্সবাজারের ১৮ জন, যশোরের ১১ জন, টাঙ্গাইলের চারজন, নারায়ণগঞ্জের দুইজন, কুষ্টিয়ার দুইজন, বগুড়ায় তিনজন, সিরাজগঞ্জের তিনজন এবং খুলনা, নোয়াখালী, নওগাঁ, কিশোরগঞ্জ ও গোপালগঞ্জের একজন করে রয়েছে।”

ঘুমধুম সীমান্ত থেকে বাড়ি পৌঁছানো পর্যন্ত তাদের খাদ্য, চিকিৎসা, যাতায়ত খরচসহ সবধরনের মানবিক সহায়তা আইওএম এর পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে আসিফ মুনীর জানান।

মিয়ানমারের জলসীমা থেকে সাগরে জাহাজে ভাসমান অবস্থায় গত ২১ মে ২০৮ জন ও ২৯ মে ৭২৭ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে দেশটির নৌ-বাহিনী।

এরপর ছয় দফায় ৭২৯ জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করে দেশে ফিরিয়ে আনা হয়।

সর্বশেষ ৪৮ জনকে ফিরিয়ে আনার পর মিয়ানমারে আর কেউ আটকা পড়ে নেই বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুরনো খবর:

মিয়ানমার থেকে ফিরেছেন আরও ৪৮ বাংলাদেশি