বিদেশিকে গুলি এবার দিনাজপুরে: এবারও একটি বাইকে ৩ হামলাকারী
দুই মাসের ব্যবধানে তৃতীয় বিদেশি নাগরিকের উপর হামলা হয়েছে বাংলাদেশে। গুলিবিদ্ধ হয়ে ইতালীয় ধর্মযাজক পিয়েরো পারোলারি এখন হাসপাতালে চিকিৎসাধীন।
ঢাকায় চেজারে তাভেল্লা এবং রংপুরে কুনিও হোশিকে যেভাবে হত্যা করা হয়েছিল, বুধবার পারোলারির উপর হামলাকারীও একটি মোটর সাইকেলে তিনজন ছিলেন বলে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে।
যুদ্ধাপরাধী সাবেক দুই মন্ত্রী বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াতে ইসলামীর আলী আহসান মো. মুজাহিদের ফাঁসিকাষ্ঠে যাওয়া নিশ্চিত হওয়ার রায়ের দিন দিনাজপুরে এই হামলা হল।
বিএনপি-জামায়াতের দিকে ইঙ্গত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে আসছেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্য থেকেই এসব হামলা-হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে।
পারোলারির উপর হামলায় জড়িত সন্দেহে দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান ভুট্টোকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি এ কে এম খালেকুজ্জামান।
চিকিৎসক পারোলারি (৭৮) দিনাজপুরের সুইহারি ক্যাথলিক চার্চের ফাদার। তিনি শহরের সেন্ট ভিনসেন্ট হাসপাতালে কর্মরত। বাংলাদেশে ২৫ বছর কাজ করছেন তিনি, দিনাজপুরে আছেন ১২ বছর ধরে।
সকাল ৮টার দিকে জেলা শহরের মির্জাপুর বিআরটিসি ডিপোর সামনের সড়কে পারোলারির উপর হামলা হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এই বিদেশি বাইসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন।
সুইহারি ক্যাথলিক চার্চের সদস্য মাইকেল কস্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ধর্মীয় প্রার্থনা সেরে চার্চ থেকে প্রতিদিনই সাইকেল চালিয়ে সেন্ট ভিনসেন্ট হাসপাতালে যেতেন ফাদার পারোলারি।
কোতোয়ালি থানার ওসি খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাভারা মিশন থেকে শহরের কসবায় সেন্ট ভিনসেন্ট হাসপাতালে যাওয়ার পথে বিআরটিসি বাস ডিপোর সামনের সড়কে মোটর সাইকেল আরোহী দুর্বৃত্তরা এই ফাদারকে গুলি করে পালিয়ে যায়।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলাকারী ছিল তিনজন। চালকের মাথায় হেলমেট ছিল এবং পেছনে বসা দুজনের গায়ে ছিল চাদর। তাদের একজন গুলি করে। এরপর পাশের একটি গলি দিয়ে পালিয়ে যায়।”
ঘটনাস্থল থেকে গুলির একটি খোসা উদ্ধার করা হয় বলে জানান পুলিশ পরিদর্শক খালেকুজ্জামান।
ঢাকার গুলশানে ইতালীয় তাভেল্লা এবং রংপুরের কাউনিয়ায় জাপানি হোশিকে হামলার দুটি ক্ষেত্রেও একটি মোটর সাইকেলে তিনজন হামলাকারী ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। গুলিতে ওই দুই বিদেশি মারা যান।
দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবারও মোটর সাইকেলে করে এ হামলা চালানো হয়েছে। তবে কারা করেছে এখনও জানা যায়নি।”
সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
পারোলারিকে গুলি করার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য বিকালে তাকে বিমানে করে ঢাকায় পাঠানো হয়।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই বিদেশির মাথার পেছনে দুটি জখম রয়েছে।
“আঘাতটি গান শটের বলে মনে হচ্ছে। এছাড়া কপালে ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। হতে পারে তিনি মাটিতে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন।”
২৪ ঘণ্টার আগে এই ফাদারের শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভবপর নয়, বলেন এই চিকিৎসক।
তবে তাকে দেখে এসে সেন্ট ভিনসেন্ট হাসপাতালের চিকিৎসক অলিম্পিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফাদারের অবস্থা স্থিতিশীল মনে হচ্ছে। তিনি কথা বলতে পারছেন।”
বিদেশিদের উপর হামলা ছাড়াও সম্প্রতি পাবনার ঈশ্বরদীতে একটি গির্জার ফাদারকে গলা কেটে হত্যার চেষ্টা হয়। ঢাকার গাবতলী ও আশুলিয়ায় তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে দুই পুলিশ সদস্যকেও মারা হয়।
দুই বিদেশি হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নামে দায় স্বীকারের খবর এলেও সরকার বরাবরই বলেছে, এই দলের কোনো তৎপরতা বাংলাদেশে নেই।
বিদেশি হত্যাকাণ্ডে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে বলে সরকারের দাবি। হোসি ও তাভেল্লা হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে বিএনপির দুই নেতার ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে পারোলারি আহত হওয়ার ঘটনার পর দিনাজপুরে খ্রিস্টান মিশনারিগুলোতে আতঙ্ক বিরাজ করছে।
দিনাজপুর ক্যাথলিক মিশনের বিশপ সেবাস্তিয়ান টুডু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা চিন্তিত, ফাদারের জীবন নিয়ে চিন্তিত। আমরা আশা করি, সরকার যথাযথভাবে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”
গুলিবিদ্ধ ফাদারের সুস্থতার প্রার্থনার জন্য সেন্ট ফিলিপস হাইস্কুল অ্যান্ড কলেজ, সেন্ট যোসেফ হাই স্কুলসহ মিশন পরিচালিত দিনাজপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সকাল ১০টার পর ছুটি ঘোষণা করা হয়।
