২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় তাভেল্লা হত্যাকাণ্ডে ‘বিস্মিত’ ইতালীয়রা

বাংলাদেশে নিজের দেশের একজন নাগরিক হত্যার ঘটনায় বেশিরভাগ ইতালীয় বিস্ময় প্রকাশ করেছেন বলে জানিয়েছেন ইউরোপের দেশটির একজন সাংবাদিক।

নুরুল ইসলাম হাসিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2015, 01:23 AM

Updated : 22 Aug 2022, 01:21 PM

প্রায় ৩০ বছর ধরে যুদ্ধের সংবাদ নিয়ে কাজ করে আসা সাংবাদিক ফাউস্তো বিলোস্লাভো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, বাংলাদেশে এই রকম কিছু ঘটতে পারে, সেটা তাদের ধারণায় ছিল না।

“বাংলাদেশকে আমরা সন্ত্রাসীদের আখড়া মনে করি না। বরং আমাদের ধারণা, এটা এমন একটি দেশ যেখান থেকে অনেকেই ইউরোপে এবং ইতালিতেও অভিবাসনে আগ্রহী।”

একদিন আগেই রাজধানী ঢাকার কূটনীতিক পাড়া গুলশানে ইতালির নাগরিক চেজারে তাভেল্লাকে গুলি চালিয়ে হত্যা করে কয়েকজন দুর্বৃত্ত।

তিনি আইসিসিও কো-অপারেশন নামে একটি আন্তর্জাতিক সংস্থার প্রুফ (প্রফিটেবল অপরচ্যুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।

মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে বলে জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’ জানিয়েছে। তবে আইএসের এই দাবির সত্যতা নিয়ে সংশয় রয়েছে বাংলাদেশ সরকারের।

বিলোস্লাভো বলেন, ইতালিতে তাভেল্লার জন্য শোকের আবহ বইছে, কেননা তিনি ছিলেন মানবিক সহায়তা কার্যক্রমের একজন কর্মী।

Image
চেজারে তাভেল্লা

চেজারে তাভেল্লা

“ক্রুসেডার হওয়ার কারণে একজন ইতালীয় নাগরিককে হত্যা করেছে আইএস। আজ (মঙ্গলবার) দেশের বেশিরভাগ পত্রিকার হেডলাইন এমনই ছিল।”

দাবি যদি সত্য হয় তবে ইসলামিক স্টেটের হাতে খুন হওয়া তিনিই প্রথম ইতালিয়ান, বলেন এই সাংবাদিক।

তবে আইএসের সঙ্গে এই হত্যাকাণ্ডের যোগসূত্রের বিষয়টি নিশ্চিত মনে করেন কি না- প্রশ্ন করা হলে কিছুটা এড়িয়েই উত্তর আসে বিলোস্লাভোর কাছ থেকে।

“আমি জানি বাংলাদেশে আল কায়েদার বেশ তৎপরতা রয়েছে।”

আইসিসিও কো-অপারেশনে নিহতের সহকর্মীরা বলছেন, তাভেল্লা একজন কর্মনিষ্ঠ, পেশাদার ব্যক্তি ছিলেন। তিনি বাংলাদেশিদের সহায়তায় সবসময়ই নিষ্ঠাবান ছিলেন।

এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিচারের দাবি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

Image
এই স্থানেই গুলি করা হয় চেজারে তাভেল্লাকে

এই স্থানেই গুলি করা হয় চেজারে তাভেল্লাকে

ইতালীয়রা এখন বাংলাদেশে দেশটির দূতাবাস ও রোমের পররাষ্ট্র দপ্তরের দিকে আঙ্গুল তুলছেন বলে জানান বিলোস্লাভো।

তাদের প্রশ্ন, কেন যুক্তরাজ্য ও অস্ট্রলিয়ার মতো ইতালি তার দেশের নাগরিকদের জন্য কোনো সতর্কতা জারি করেনি।

বাংলাদেশে ভ্রমণের বিষয়ে অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের (ডিএফএটি) সতর্কতা জারির পর যুক্তরাজ্য তাদের নাগরিকদের চলাফেরা সীমিত করে আনার পরামর্শ দেয়।

পুরনো খবর:

খুনি তিন জন, খোয়া যায়নি কিছু: প্রত্যক্ষদর্শী
পেছন থেকে তিনটি গুলি করা হয় তাভেল্লাকে
ইতালীয় নাগরিক খুনে আইএসের ‘দায় স্বীকার’
ইতালীয়কে হত্যা: তদন্ত করবে ডিবি