২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেছন থেকে তিনটি গুলি করা হয় তাভেল্লাকে

কাছাকাছি দূরত্বে পেছন থেকে ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লাকে পরপর তিনটি গুলি করা হয় বলে তার লাশের ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2015, 03:19 PM

Updated : 22 Aug 2022, 01:19 PM

মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ আবু শামা সাংবাদিকদের বলেন, “একটি গুলি লেগেছে বাঁ হাতের বাহুতে। সেটি বেরিয়ে গেছে। দুটি গুলি পিঠ দিয়ে ঢুকেছে। তার মধ্যে একটি বুকের দিক দিয়ে বেরিয়ে গেছে। আরেকটি আটকে ছিল।”

ময়নাতদন্তের সময় বুকের ভেতর আটকে থাকা গুলিটি বের করা হয়েছে বলে জানান এই চিকিৎসক।

তিনি বলেন, “কাছাকাছি দূরত্ব থেকে গুলি করা হয়েছে। এগুলো রিভলবারের গুলি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

সোমবার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে গুলি করে হত্যা করা হয় চেজারে তাভেল্লাকে, যিনি নেদারল্যান্ডসভিত্তিক এনজিও আইসিসিও কো-অপারেশনের একটি খাদ্য নিরাপত্তা কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।

মো. জয়নাল নামের স্থানীয় এক রিকশা মেকানিক জানান, গুলির শব্দের পরপরই তিনজনকে মোটরসাইকেলে করে পালাতে দেখেন, যাদের একজনের হাতে অস্ত্র ছিল।

ইসলামিক স্টেট (আইএস) এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বার্তা দিয়েছে বলে ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’ নামের জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী একটি ওয়েবসাইটে জানানো হলেও বাংলাদেশ সরকার এখনো এ বিষয়ে নিশ্চিত নয়। 

অস্ট্রেলিয়া ক্রিকেট দল ঢাকায় জঙ্গি হামলার হুমকির কথা জানিয়ে সফর পেছানোর দুই দিনের মাথায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়। অস্ট্রেলিয়ার পর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রও একই ধরনের আশঙ্কা প্রকাশ করে বাংলাদেশে তাদের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে।

পুরনো খবর:

ইতালির নাগরিক হত্যাকাণ্ড ‘বিচ্ছিন্ন ঘটনা’: মন্ত্রী
ঢাকায় ইতালীয় হত্যা: ইইউ রাষ্ট্রদূতের নিন্দা
গুলশানে ইতালীয় হত্যার ঘটনায় মামলা
বাংলাদেশে ‘হুমকি’ দেখছে যুক্তরাষ্ট্রও
ইতালীয় নাগরিক খুনে আইএসের ‘দায় স্বীকার’
খুনি তিন জন, খোয়া যায়নি কিছু: প্রত্যক্ষদর্শী
অনুসরণ করা হচ্ছিল ওই বিদেশিকে: প্রত্যক্ষদর্শী