২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালির নাগরিক হত্যাকাণ্ড ‘বিচ্ছিন্ন ঘটনা’: মন্ত্রী

বাংলাদেশ ভ্রমণে নিজ নিজ দেশের নাগরিকদের সতর্ক করে পশ্চিমা দেশগুলোর বার্তার মধ্যে ঘটলেও ঢাকার গুলশানে ইতালীয় নাগরিক হত্যাকাণ্ডকে একটি ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2015, 02:41 PM

Updated : 22 Aug 2022, 01:19 PM

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, চেজারে তাভেল্লা হত্যাকাণ্ডের সঙ্গে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নিরাপত্তার বিষয়টি কোনোভাবেই সম্পর্কিত নয় বলে তার বিশ্বাস।

“এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তারপরও সব দিক খতিয়ে দেখা হবে।”

আগের দিন সন্ধ্যায় গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে ইতালীয় নাগরিক তাভেল্লাকে গুলি চালিয়ে হত্যা করা হয়। রাতে ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’ নামের জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী একটি ওয়েবসাইটে বলা হয়, ইসলামিক স্টেট (আইএস) গুলশানের ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।

অস্ট্রেলিয়া ক্রিকেট দল ঢাকায় জঙ্গি হামলার হুমকির কথা জানিয়ে সফর পেছানোর দুই দিনের মাথায় বিদেশি নাগরিক হত্যার এ ঘটনা ঘটল। অস্ট্রেলিয়ার পর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রও হামলার আশঙ্কার কথা জানিয়ে বাংলাদেশের তাদের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাংবাদিকদের বলেন, “এটি পরিকল্পিত। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও পুলিশের গোয়েন্দাদের তদন্তে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি প্ল্যান করা ছিল। ”

তাভেল্লা ২০১৫ সালের মে মাসের মাঝামাঝি বাংলাদেশে আসেন। তিনি নেদারল্যান্ডসভিত্তিক এনজিও আইসিসিও কো-অপারেশনের ‘প্রফিটেবল অপরচ্যুনিটিজ ফর ফুড সিকিউরিটি’ কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।

এ হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার সকালে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেছেন তার এক সহকর্মী। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তিনি যেখানে কর্মকর্তা ছিলেন, সেই এনজিওর কার্যক্রম, কারও সঙ্গে তার ব্যক্তিগত শত্রুতা ছিল কি না- সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে।”

Image
এই স্থানেই গুলি করা হয় চেজারে তাভেল্লাকে

এই স্থানেই গুলি করা হয় চেজারে তাভেল্লাকে

গোয়েন্দা পুলিশের চারটি দলসহ অন্যান্য সংস্থা এই হত্যারহস্য উদঘাটনে কাজ করছে বলে জানান মন্ত্রী।

চেজারে তাভেল্লার খুনিদের কতদিনের মধ্যে গ্রেপ্তার করা সম্ভব হবে- প্রশ্ন করলে তিনি বলেন, “কোনো কিছু টাইম-ফ্রেমে চলে না, তবে শিগগিরই ধরতে পারব।”

বিভিন্ন দেশ তাদের নাগরিকদের চলাচলে সতর্ক করার পর প্রেক্ষাপটে কূটনীতিকপাড়ায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।

হত্যার দায় স্বীকার নিয়ে এক প্রশ্নের জবাবে কামাল বলেন, “আইএসের দাবি, কথিত দাবি বলে মনে হচ্ছে। আইএসের সাইটে এ ধরনের কোনো স্বীকারোক্তি নেই। ”

পুলিশের বিশেষজ্ঞরা ওই দাবির বিষয়টি ‘বিশ্লেষণ’ করছেন জানিয়ে তিনি বলেন, “এখনও আমরা সত্যতা বা প্রমাণ পাইনি। তবে আমরা বিশ্বাস করি, শিগগিরই হত্যাকারীদের শনাক্ত করতে পারব।”

বাংলাদেশে আইএসের অস্তিত্ব নেই বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী; যদিও বিভিন্ন সময়ে আইএস সদস্য সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তারের দাবি করে আইন-শৃঙ্খলা বাহিনী।

সেদিকে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, “কাউকে আইএস সন্দেহ হলে তাকে ধরা হয়। তারা তো দেশে তাদের কার্যক্রম বিস্তার করতে পারেনি। বাংলাদেশে আইএসের কোনো কার্যক্রম নেই।”

ইসলামী খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে মধ্যপ্রাচ্যে সক্রিয় আইএস ইতোমধ্যে সিরিয়ার একটি অংশ দখল করেছে।

পুরনো খবর:

খুনি তিন জন, খোয়া যায়নি কিছু: প্রত্যক্ষদর্শী
ইতালীয় নাগরিক খুনে আইএসের ‘দায় স্বীকার’