২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ইতালীয় হত্যা: ইইউ রাষ্ট্রদূতের নিন্দা

গুলশানের কূটনীতিক পাড়ায় ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লা হত্যার নিন্দা জানিয়েছেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2015, 01:39 PM

Updated : 25 Apr 2022, 01:55 PM

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, এটি একটি ‘সন্ত্রাসী হামলা’। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে বর্বর এ হামলার ‘সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচার’ নিশ্চিত করতে হবে।

এ ঘটনায় নিজেও ‘আতঙ্কিত’ বোধ করছেন জানিয়ে ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের প্রান্তিক দরিদ্রদের সহায়তা করতে এসেছিলেন তাভেল্লা। এজন্যই তার হত্যার ঘটনা আরো বেশি উদ্বেগজনক।

বিবৃতিতে ইইউ প্রতিনিধি দলের পক্ষে চেজারের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানান পিয়েরে মায়াদন।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে চেজারে তাভেল্লাকে গুলি করে হত্যা করা হয়। তিনি আইসিসিও কো-অপারেশন নামে একটি আন্তর্জাতিক সংস্থার প্রুফ (প্রফিটেবল অপরচ্যুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।

রাতে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে বলে জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’ জানিয়েছে ।

তবে আইএসের এই দাবির সত্যতা যাচাই হয়নি বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।