ইতালীয়কে হত্যা: তদন্ত করবে ডিবি
গুলশানে কূটনীতিক পাড়ায় ইতালীয়কে হত্যার মামলা তদন্ত করবে পুলিশের গোয়েন্দা শাখা।
মঙ্গলবার মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম বলেন, “দুপুরে মামলার তদন্তভার ডিবি পেয়েছে।”
মহানগর গোয়েন্দা পুলিশের (নর্থ) বিভাগ মামলাটির তদন্ত করবে বলেও জানান তিনি।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে গুলি করে হত্যা করা হয় ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লাকে।
এ ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে রাতে মামলা হয়েছে বলে পুলিশের নথিতে দেখা গেছে।
গুলশান থানার এসআই সাব্বির রহমান জানান, নিহতের সহকর্মী হেলেন ভেন্দার বিক ওই মামলা করেছেন।
চেজারে তাভেল্লা নেদারল্যান্ডসভিত্তিক এনজিও আইসিসিও কো-অপারেশনের একটি খাদ্য নিরাপত্তা কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।
পুলিশ কর্মকর্তা মুনতাসিরুল ইসলাম জানান, এই ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দফায় দফায় বৈঠক করেছেন। নিহতের কর্মস্থল, বাসভবন ও যেখানে তাকে হত্যা করা হয়েছে সেখানে সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করছেন।
অপরাধীদের শনাক্ত করতে জোর তৎপরতা চলছে বলে জানান পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ।
তিনি বলেন, তারা বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে অপরাধীদের শনাক্তের চেষ্টা করছেন। তবে তদন্তের স্বার্থে ওই বিষয়ে মুখ খুলতে রাজি হননি পুলিশের এই কর্মকর্তা।
চার মাস ধরে এই ভবনের ফ্ল্যাটে ছিলেন ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লা। ছবি: গোলাম মুজতবা ধ্রুব
গুলশানে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: গোলাম মুজতবা ধ্রুব
মঙ্গলবার দুপুরের আগে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ৮৩ নম্বর সড়কের মোড়ে কাঠের পিঁড়িতে বসে আছেন ঘটনার এক প্রত্যক্ষদর্শী ভিক্ষুক সিতারা বেগম, আরেক প্রত্যক্ষদর্শী রিকশা মেকানিক মো. জয়নাল তখনও তার রিকশার ছোট গ্যারেজটি খুলেননি।
রাস্তার পাশে র্যাব ও পুলিশের গাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতাও দেখা যায়।
আগের দিনের মতো মঙ্গলবার দুপুরেও প্রত্যক্ষদর্শী দাবিকারী ভিক্ষুক সিতারা বেগমের সঙ্গে কথা হয়।
তিনি বলেন, “স্যার, আমি দীর্ঘ ১৬/১৭ বছর ধইরা এই এলাকাতেই থাকি। রাস্তার পাশেই ঘুমাই। যাগো রাইতে দেখলাম, তাগো এই এলাকায় আগে কোনদিন দেখিনি। ওগো বাইরে থিকা কেউ খুন করাইতে নিয়া আইতে পারে।”
৮৩ নম্বর সড়কের একদম শেষের দিকে সৌদি দূতাবাস। কিছুদূর এগিয়ে বামে এগোলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন। আরও কিছুদূর এগিয়ে বামে মোড় নিয়ে মূল রাস্তা ধরে এগোলে অস্ট্রেলীয় হাই কমিশন, যার কিছুটা সামনেই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বাসভবন।
ভবনটির পেছনের দেয়াল ঘেষে থাকা রাস্তাই গুলশান-২ এর ৯০ নম্বর সড়ক।
গুলশান-২ এর ৫৪ নম্বর রোডের ১১/বি নম্বর বাসার ৫/বি নম্বর ফ্লাটে প্রায় চারমাস আগে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন চেজারে তাভেল্লা।
বাসার সামনে গিয়ে দেখা যায় পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদের নেতৃত্বে পুলিশ সদস্যরা ওই বাসার মূল সড়কে প্রবেশ করছেন।
বাড়ির নিরাপত্তাকর্মী আবদুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মে মাসে স্যার পাঁচ তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে একা একাই থাকতেন। খুব সকালের দিকে বাসা থেকে বের হতেন, ফিরতেন অনেক রাত করে।”
সোমবারও অন্যান্য দিনের মতোই আনুমানিক সাড়ে সকাল ৯টা/১০টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন চেজারে তাভেল্লা।
ঘটনাস্থলের এক সড়ক পরই ৮৪ নম্বর সড়কে অস্ট্রেলীয় হাই কমিশন। ছবি: গোলাম মুজতবা ধ্রুব
চার মাস ধরে যে ভবনের ফ্ল্যাটে ছিলেন ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লা। ছবি: গোলাম মুজতবা ধ্রুব
তাভেল্লাকে যেখানে হত্যা করা হয়েছে সেখান থেকে তার বাসায় মোটরসাইকেলে যেতে সময় লাগে প্রায় ৭/৮মিনিট।
পুলিশের ধারনা, সোমবার সন্ধ্যার আগে হাঁটতে বের হয়েছিলেন চেজারে। বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে তার মৃত্যু হয়।
আইসিসিও কো-অপারেশনের মূল কার্যালয় গুলশান-১ এর ৩০ নম্বর রোডের ১৬ নম্বর বাড়িতে গেলে প্রতিষ্ঠানটির রিজিওনাল সিনিয়র কমিউনিকেশন্স অ্যান্ড মার্কেটিং ম্যানেজার রাইসা চৌধুরী ভবনটির গ্যারেজে এসে সাংবাদিকদের হাতে একটি লিখিত বিবৃতি তুলে দেন।
বিবৃতিতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা চেজারে তেভাল্লার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে বলা হয়েছে, “এই ঘটনায় আমরা এখন কোন বক্তব্য দেব না। তদন্ত সংশ্লিষ্টরা তাদের তদন্ত অব্যাহত রাখুক তা প্রত্যাশা করছি।”
পরবর্তীতে সংবাদ সম্মেলন আয়োজন করে সাংবাদিকদের কোন প্রশ্ন থাকলে তা জানিয়ে দেওয়ার পরিকল্পনার কথাও জানান ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা রাইসা চৌধুরী।
