২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালীয়কে হত্যা: তদন্ত কমিটি গঠন

রাজধানীর গুলশানে কূটনৈতিক পাড়ায় দুর্বৃত্তের গুলিতে ইতালীয় নাগরিক খুনের ঘটনা তদন্তে একটি কমিটি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2015, 08:11 PM

Updated : 25 Apr 2022, 01:55 PM

মঙ্গলবার পুলিশ সদর দপ্তর পাঠানো এক বিবৃতিতে বলা হয়, কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম।

ভারপ্রাপ্ত আইজিপি মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে পুলিশ সদরদপ্তরে এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়।

তদন্ত কমিটিকে সহায়তা করার জন্য পুলিশের বিভিন্ন ইউনিটের বাছাই করা দক্ষ ও চৌকস কর্মকর্তাদের সমন্বয়ে তদন্ত সহায়তা টিম গঠন করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল হায়দার এই টিমের প্রধান হিসেবে রয়েছেন।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে গুলি করে হত্যা করা হয় ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লাকে। কাছাকাছি দূরত্বে পেছন থেকে তাকে পরপর তিনটি গুলি করা হয় বলে লাশের ময়নাতদন্তকারী চিকিৎসকরা জানিয়েছেন।