রাজবাড়ীতে বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলা-ভাঙচুরের অভিযোগ
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিএনপির অবস্থান কর্মসূচিতে যোগ দিতে যাওয়া নেতা-কর্মীদের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার বিকালে জেলা শহরের সজ্জনকান্দায় নিজের বাসায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
এতে স্থানীয় দুই সাংবাদিকসহ বিএনপির কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।
আহত দুই সাংবাদিক হলেন- মঈনুল হক মৃধা ও মোজাম্মেল হক লাল্টু। এদের মধ্যে একজন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। অপরজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে গেছেন।
সংবাদ সম্মেলনে খৈয়ম বলেন, “বিকালে উপজেলা পরিষদ চত্বর মাঠে বিএনপির অবস্থান কর্মসূচি ছিল। একইস্থানে দুপুর আড়াইটার সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান নিয়ে শান্তি সমাবেশ শুরু করে। বেলা ৩টার দিকে বিএনপির কিছু নেতা-কর্মী সাদা রঙের একটি মাইক্রোবাস এলে যুবলীগ, ছাত্রলীগের কর্মীরা তাদের থামিয়ে মারধরসহ গাড়িটি ভাঙচুর করেন। এ সময় বেশ কয়েজন নেতা-কর্মী আহত হয়েছেন।”
সংবাদ সম্মেলনে এ ঘটনার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জানান সাবেক এ সংসদ সদস্য।
গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার সময় আমি ও আমার সাধারণ সম্পাদক এবং যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সেখানে ছিলেন না। এ জন্য সঠিক বলতে পারছি না, কে বা কারা হামলা চালিয়েছে।”
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, “বিএনপির অভিযোগ মিথ্যা। তাদের দুই গ্রুপের মধ্যে ঘটনাটি ঘটে। এখানে যুবলীগ বা ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই।”
এদিকে, রাতে মোবাইল ফোনে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখায়রুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কারা এ হামলার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি।”
ইফতেখায়রুজ্জামান আরও বলেন, “শুনেছি স্থানীয় এক সাংবাদিক আহত হয়েছেন। তবে এখনও কোনো অভিযোগ আসে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
