দাদাবাড়ি দেখা হলো না প্রবাসী তরুণীর
দুর্ঘটনায় তার মা-বাবা, ছোটবোন ও গাড়িচালক আহত হন।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারে থাকা প্রবাসী এক তরুণী নিহত হয়েছেন।
ওই তরুণী রোববার রাতে সৌদি আরব থেকে সপরিবারে ঢাকায় আসেন। সেখান থেকে তারা প্রাইভেটকারে নোয়াখালীর বেগমগঞ্জ গ্রামের বাড়ি যাচ্ছিলেন।
কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার এসআই নজরুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার পদুয়ার বাজার ইউটার্ন এলাকায় সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত জাহানারা আক্তার (১৭) নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার প্রবাসী জালাল আহমেদের মেয়ে।
এ ঘটনায় জালাল আহমেদ, তার স্ত্রী বিলকিস বেগম, ছোট মেয়ে সুলতানা জাহান ও প্রাইভেটকার চালক মো. আলাউদ্দিন আহত হন৷
তাদের উদ্ধার করে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের স্বজনদের বরাতে এসআই নজরুল ইসলাম আরও জানান, সপরিবারে সৌদি আরবে ছিলেন জালাল আহমেদ। মেয়েরা দাদার বাড়ি দেখতে দীর্ঘদিন ধরে তাকে বলছিল। সে জন্য রোববার রাতে বাংলাদেশে আসেন তারা। রাতেই বাড়ির উদ্দেশে প্রাইভেটকারে রওনা দেন।
“সোমবার ভোর সাড়ে ৪টার দিকে পদুয়ায় বাজার ইউটার্নে একটি ট্রাক তাদের গাড়িতে ধাক্কা দেয়। এতে জাহানারা আক্তার ঘটনাস্থলেই মারা যায়।”
এসআই নজরুল আরও বলেন, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটক করা গেলেও এর চালক পালিয়েছেন।
এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান হাইওয়ে পুলিশের কর্মকর্তা নজরুল ইসলাম।
