২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বজ্রপাতে ৩ শিশু নিহত

সকালে জৈন্তাপুরের বিসনাটেক গ্রামে ২ জন এবং বিকালে বাংলাবাজার এলাকায় একজন নিহত হয়।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2023, 09:58 PM

Updated : 21 Apr 2023, 09:58 PM

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বজ্রপাতে তিন শিশু মারা গেছে। 

শুক্রবার সকালে দরবস্ত ইউনিয়নের বিসনাটেক গ্রামে দুই জন এবং বিকালে জৈন্তাপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় একজন নিহত হয়। 

জৈন্তাপুর থানার ওসি ওমর ফারুক এলাকাবাসীর বরাতে জানান, বেলা ১১টার দিকে বিসনাটেক গ্রামের সুলেমান আহমদের ছেলে নাঈম আহমদ (৮) এবং মৃত দেলোয়ার হোসেনের মেয়ে আঞ্জুমা বেগম (৬) বজ্রপাতে নিহত হয়৷ 

“স্থানীয়রা তাদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বলেন, হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়েছে।”

এ দুই শিশু সম্পর্কে মামাতো বোন ও ফুফাতো ভাই।

ওসি আরও জানান, বিকাল সাড়ে ৪টায় জৈন্তাপুর ইউনিয়নের ৪ নম্বর বাংলাবাজারে বেঙ্গল স্টোন ক্রাশার সংলগ্ন পাথর সাইটে বজ্রপাতের শিকার হয় বাংলাবাজার গ্রামের আলম মিয়ার ছেলে ইমন আহমেদ (১০)। 

“স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।” 

ওসি জানান, খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেন। পরে তিনি সিলেট জেলা প্রশাসকের পক্ষ থেকে নগদ ২০ হাজার করে তিন পরিবারকে মোট ৬০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।