২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার খেলা দেখে ফেরেননি বাড়ি, সকালে ধানক্ষেতে মিলল লাশ

দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ ধানক্ষেতে ফেলে যায় বলে পুলিশ ও স্থানীয়দের ধারণা।

আর্জেন্টিনার খেলা দেখে ফেরেননি বাড়ি, সকালে ধানক্ষেতে মিলল লাশ

প্রতীকী ছবি

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2022, 10:32 PM

Updated : 27 Nov 2022, 10:32 PM

কুমিল্লার বুড়িচংয়ে আর্জেন্টিনা বনাম মেক্সিকোর খেলা দেখতে রাতে বাড়ি থেকে বের হয়েছিলেন। সকালে একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয় লাশ। 

উপজেলার নামতলা পূর্বপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ উর রহমান জানান।

নিহত সাদেকুর রহমানের (২২) বাড়ি চান্দিনা উপজেলার বিচুন্দাইর গ্রামে।

কোরআনে হাফেজ সাদেকুর বুড়িচংয়ের নামতলা গ্রামের আবুল বাশার নামের এক ব্যক্তির বাড়িতে লজিং থাকতেন। পাশাপাশি তিনি কুমিল্লা সেনানিবাস এলাকার একটি মোবাইল ফোনের দোকানে খণ্ডকালীন চাকরি করতেন।

দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ ধানক্ষেতে ফেলে যায় বলে পুলিশ ও স্থানীয়দের ধারণা।

জাবেদ উর রহমান বলেন, “আমরা জানতে পারি, সাদেকুর ওই গ্রামের একটি বাড়িতে অনেকের সঙ্গে ফুটবল খেলা দেখেছিলেন।”

পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরও বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

“প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে।”

পুলিশের পাশাপাশি সিআইডি’র একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জাবেদ উর রহমান জানান।