গাজীপুরে ‘ছিনতাইকারীর ছুরিকাঘাতে’ যুবক নিহত
পুলিশ জানায়, তিনি টঙ্গী এলাকায় মাকস্ট্রিজ নামের একটি কারখানায় কাজ করতেন।
গাজীপুরের টঙ্গীতে ‘ছিনতাইকারীর ছুরিকাঘাতে’ এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার ভোরে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে বলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান।
নিহত নয়ন মৃধা (৩৬) বরিশালের বানারীপাড়া থানার মাদারকাঠি গ্রামের মান্নান মৃধার ছেলে।তিনি টঙ্গী এলাকায় মাকস্ট্রিজ নামের একটি কারখানায় কাজ করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি সাখাওয়াত বলেন, মঙ্গলবার রাতে বরিশাল থেকে বাসে করে নয়ন তার কর্মস্থল টঙ্গীর উদ্দেশ্যে রওনা হন। সকালে নয়ন টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বাস থেকে নামলে কিছু ছিনতাইকারী তার গতিরোধ করে।
“এ সময় কথা কাটাকাটির এক পর্যায় ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।”
তিনি আরও বলেন, পরে স্থানীয়রা নয়নকে উদ্ধার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
