টাঙ্গাইলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত, আটক ২
পুলিশ জানায়, এ সময় ছিনতাইকারী দলের ৩-৪ সদস্য পালিয়ে যায়।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ।
রোববার ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা পৌরসভা এলাকায় শাপলা মেটাল ইন্ডাস্ট্রিজের পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী।
নিহত ৩২ বছর বয়সী মো. রাজীব হোসেন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ঠ্যাংজোড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
আর আটক ৩২ বছর বয়সী মিন্টু কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার উত্তরপাড়া গ্রামের শহীদ মিয়ার ছেলে এবং ফারুক ৩০ ওই এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে পাথরবোঝাই ট্রাক নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন চালক রাজীব হোসেন। পথে ট্রাক থামিয়ে টয়লেটে যাওয়ার জন্য নামলে কয়েকজন ছিনতাইকারী তার ওপর হামলা করে।
এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে রাজীবকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার সময় রাজীবের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান।
এ সময় ছিনতাইকারী চক্রের সদস্য মিন্টু ও ফারুককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ বলছে, এ সময় ছিনতাইকারী দলের ৩ থেকে ৪ জন সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, আটক ব্যক্তি ও ট্রাকটি থানায় এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনার কারণ উদঘাটন ও জড়িত বাকিদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
