২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে বাস চাপায় শ্রমিক নিহত

শ্যামলী পরিবহনের বাসটি ধাক্কা দিয়ে একটি দোকানের সঙ্গে চাপা দেয় শামসুল হককে।

নীলফামারীতে বাস চাপায় শ্রমিক নিহত

সৈয়দপুর উপজেলার রংপুর-দিনাজপুর বাইপাস সড়কের ধলাগাছ মোড়ে এই ঘটনা ঘটে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2023, 12:43 PM

Updated : 31 Aug 2023, 12:43 PM

নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী পাট গোডাউনের এক শ্রমিক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সৈয়দপুর উপজেলার রংপুর-দিনাজপুর বাইপাস সড়কের ধলাগাছ মোড়ে এই ঘটনা ঘটে বলে জানান তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহাবুব মোরশেদ। 

নিহত ৫২ বছরের শামসুল হক বোতলাগাড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী বড়বাড়ি এলাকার মৃত তবার উদ্দিনের ছেলে। তিনি ওই এলাকার এক পাট গোডাউনের শ্রমিক।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি মাহাবুব বলেন, শামসুল হক সকালে  বাইসাইকেলে নিজ বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। 

“পথে বাইপাস সড়কের ধলাগাছ মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে শ্যামলী পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ধাক্কা দেয়। এতে বাস ও দোকানঘরের মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শামসুল হকের।” 

ওসি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসচালক পলাতক রয়েছে।