২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে প্রেমিকসহ স্ত্রীর আমৃত্যু কারাদণ্ড

মামলা চলাকালীন মারা যাওয়ায় এক আসামিকে মামলা থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 03:58 PM

Updated : 26 Aug 2026, 11:47 AM

ময়মনসিংহের মুক্তাগাছায় স্বামীকে হত্যার ঘটনায় কথিত প্রেমিকসহ এক নারীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে ময়মনসিংহ পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলী মনসুর এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী সরকারি আইন কর্মকর্তা (এপিপি) মো. শামীম উল আজম খান জানান।

দণ্ডিতরা হলেন- হাফিজা খাতুন (৪২) ও তার প্রেমিক আবদুল্লাহ আল মাসুম (৩৬)। 

আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি দুজনকে ১ লাখ টাকা করে অর্থদণ্ডও দিয়েছেন বিচারক।

মামলার বরাতে শামীম বলেন, ২০১১ সালের ২৮ জুন জেলার মুক্তাগাছা উপজেলার ভাবকীর মোড় এলাকার দুবাই প্রবাসী হেলাল উদ্দিনকে গলায় কুপিয়ে হত্যা করা হয়। হাফিজা খাতুন তার প্রবাস ফেরত স্বামীকে হত্যার জন্য সদর উপজেলার চরঘাগড়া গ্রামের আবদুল্লাহ আল মাসুমকে নিয়ে হত্যার পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে ঘুম পাড়ান হাফিজা। তারপর মাসুম ও তার এক সহযোগী বাড়িতে গিয়ে গলায় কুপিয়ে হেলালকে হত্যা করে। পরে এ ঘটনাকে ডাকাতির নাটক সাজানো হয়। 

শামীম বলেন, হেলালের বোন সাফিয়া আক্তার বাদি হয়ে ঘটনার পরদিন মুক্তাগাছা থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ হাফিজা, তার পরকীয়া প্রেমিক মাসুম এবং মো. আরমান নামের আরেকজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

মামলা চলাকালীন আরমান মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যহতি এবং পলাতক মাসুমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় বলে জানান তিনি।